‘সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা হবে’, সুভাষের ভবিষ্যদ্বাণীকে মেলালেন কেন্দ্রীয় মন্ত্রী

Central Minister Sukanta Majumdar Photo-SNS

আবার সংবাদে উঠে এল সিঙ্গুর। যেখানে জমি আন্দোলনের জন্য একদা রাজনীতির আঙিনায় তোলপাড় ফেলে দিয়েছিল। বামফ্রন্ট সরকারের জমানায় সেটাই ছিল বড় ভুলের মধ্যে একটি। আর রাজ্যে পরিবর্তনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। তার জেরে সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীকে চলে যেতে হয়েছিল। কিন্তু অনিচ্ছুক কৃষকরা ফেরত পেয়েছিলেন জমি। সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। তারপর জল অনেক গডিয়েছে ঠিকই কিন্তু সিঙ্গুরে শিল্প গড়ে ওঠেনি। শনিবার সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আগে একই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

এদিকে বামফ্রন্ট সরকারের জমানায় স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু ভবিষ্যৎ যে এভাবে অন্ধকার হয়ে যাবে তা বুঝতে পারেননি লালপার্টির নেতারা। তাই সেখানে কৃষিও হয়নি, শিল্পও গড়ে ওঠেনি। অপরিকল্পিত পদক্ষেপের জেরেই এমন কাণ্ড ঘটেছিল বাম জমানায়। তবে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, সিঙ্গুরে শিল্পের দরজা খুলবে। এবার তাতে সিলমোহর দিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার আইআইটি খড়গপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে বেরিয়ে সিঙ্গুরে ভারী শিল্পের কথা বলেছেন তিনি। আর তাতেই নতুন শিল্পের আশার আলো দেখতে শুরু করেছেন সিঙ্গুরবাসী।

অন্যদিকে সুকান্ত মজুমদারের দাবির পর আরও একটা ভবিষ্যদ্বাণী মিলে গেল। সিঙ্গুরে যখন টাটার ন্যানো কারখানা গড়তে ব্যর্থ হয়েছিল বামফ্রন্ট সরকার তখন তৎকালীন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তী ভবিষ্যদ্বাণী করেছিলেন, এখানে কোনও না কোনওদিন শিল্প হবেই। আর সিঙ্গুরে গাড়ি কারখানাই হবে। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হয়েছে। সেখানে তারা গাড়ি কারখানা করবে। এবার একই কথা শোনা গেল সুকান্ত মজুমদারের মুখেও। আর তাতেই বামফ্রন্ট জমানার মন্ত্রীর ভবিষ্যদ্বাণী মিলতে চলেছে বলে মনে করছেন অনেকেই। কিন্তু এবার আবার জমির সমস্যা হবে না তো? এই প্রশ্নও উঠতে শুরু করেছে।


তাছাড়া এদিন খড়গপুরের অনু্ষ্ঠান থেকে প্রধানমন্ত্রী এতদিন বাংলায় শিল্প না হওয়ার কারণ হিসেবে দায়ী করেছেন লাল ঝান্ডা অর্থাৎ বাম শ্রমিক সংগঠনের লাগাতার হরতাল, ধর্মঘটকে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সুকান্ত মজুমদার বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্পে আজ তাইওয়ান যে জায়গায় আছে, সেখানে আমরাই থাকতে পারতাম। আগে এই অফার আমাদের কাছেই এসেছিল। কিন্তু তখনকার সরকার কম্পিউটারের বিরোধিতা করেছিল। ফলে সেমিকন্ডাক্টর শিল্পও হয়নি। পরবর্তী সময়ে তৃণমূল সরকারও শিল্প নিয়ে যতটা কথা বলেছে, কাজে কিছু করতে পারেনি। আমরা সিঙ্গুরে শিল্প আনতে চাই। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন। আজ আমিও বলছি, সিঙ্গুরে অশোক লেল্যান্ড আসছে। তারা ট্রাক তৈরির কারখানা গড়বে। খুব তাড়াতাড়ি ট্রাক তৈরির কারখানা হবে।’