ভোটের মুখে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নতুন করে মহিলা জওয়ান-সহ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবারই পাঁচ জন অতিরিক্ত জওয়ান পৌঁছে গিয়েছেন তাঁর নিরাপত্তার দায়িত্বে।
সাংসদ থাকাকালীন অধীর ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, যেখানে পাঁচ জন কেন্দ্রীয় জওয়ান থাকতেন। লোকসভা নির্বাচনে পরাজয়ের পরও সেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। এবার সেই সংখ্যাই বেড়ে দাঁড়াল ১০ জনে। পাশাপাশি রাজ্য পুলিশের দুই কনস্টেবলও তাঁর সুরক্ষায় রয়েছেন।
তবে তিনি বর্তমানে সাংসদ না হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকা নিয়ে আগেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল। তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সঙ্গে তাঁর যোগসাজশের অভিযোগও তুলেছে। সম্প্রতি এই ইস্যুতে সরব হয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরই মধ্যে আচমকা নিরাপত্তা বৃদ্ধি নতুন করে জল্পনা বাড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক প্রচারে অধীর চৌধুরী একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন। তাঁর বিরুদ্ধে ‘গো-ব্যাক’ স্লোগান ওঠার পাশাপাশি মহিলাদের নেতৃত্বে প্রতিবাদও হয়েছে। সেই পরিস্থিতির জেরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে।