ভোট-পরবর্তী আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পশ্চিমবঙ্গে আরও এক মাস ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ২০ জুন পর্যন্ত এই বাহিনী রাজ্যে থাকবে। রাজ্য সরকারের অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভোট-পরবর্তী হিংসা ও অশান্তি রোধ করতেই মূলত এই বাহিনী ব্যবহার করা হবে।
এবারের বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলায় তুলনামূলক শান্তিপূর্ণ পরিস্থিতি দেখা গিয়েছে। দুই দফার নির্বাচনে অশান্তির ঘটনা ছিল খুবই সীমিত। নির্বাচন কমিশন চাইছে ভোটের পরও সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। সেই কারণেই ভোট শেষে রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। ২০২৬ সালের ১৯ মার্চ জারি হওয়া সিএপিএফ মোতায়েন পরিকল্পনা অনুযায়ী এই বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছে। নতুন নির্দেশ অনুযায়ী, ৭০০ কোম্পানির মধ্যে ২০০ কোম্পানি কমিয়ে ৫০০ কোম্পানি বাহিনী রাজ্যে রাখা হবে। এর মধ্যে কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি সিআইএসএফ, ৫০ কোম্পানি আইটিবিপি ও এসএসবি ৫০ কোম্পানি থাকবে বলে জানা গিয়েছে।
তবে এই বাহিনী নিয়ে রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকাকালীন তাঁদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় পরিবহন, রসদ ও লজিস্টিকস, থাকার জন্য উপযুক্ত বাসস্থান এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় প্রশাসনিক আয়োজন সম্পূর্ণ নিজেদের খরচে ও দায়িত্বে সুনিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। কেন্দ্রীয় বাহিনীর অপারেশনাল প্রয়োজনীয়তা অনুযায়ী রাজ্যকে এই সমস্ত পরিকাঠামো দ্রুত সচল রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।