কলকাতার ফোর্ট উইলিয়াম, যা বর্তমানে ‘বিজয় দুর্গ’ নামে পরিচিত এবং ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়, সেখানে কর্মরত এক উচ্চপদস্থ সেনা আধিকারিককে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই । ধৃত কর্নেল হিমাংশু বালি ইস্টার্ন কমান্ডের আর্মি অর্ডন্যান্স কোরে দায়িত্বে ছিলেন। অভিযোগ, প্রায় ৫০ লক্ষ টাকার ঘুষের বিনিময়ে তিনি বিভিন্ন সরকারি দরপত্র পাইয়ে দিতেন।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ১৮ মে এই মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়। তদন্তে উঠে এসেছে, কর্নেল বালি নির্দিষ্ট কিছু সংস্থাকে বেআইনি সুবিধা পাইয়ে দিতে নিম্নমানের সামগ্রী অনুমোদন, অতিরিক্ত বিল পাশ এবং বকেয়া বিল মঞ্জুর করার মতো কাজেও যুক্ত ছিলেন। এই মামলায় কানপুরের ব্যবসায়ী অক্ষত আগরওয়াল এবং তাঁর সংস্থা ‘ইস্টার্ন গ্লোবাল লিমিটেডের’ বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
সিবিআইয়ের দাবি, অক্ষত অগ্রবাল ও তাঁর বাবা নিয়মিত কর্নেল বালির সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের সংস্থার জন্য সেনাবাহিনীর একাধিক দরপত্রে সুবিধা আদায় করতেন। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে একটি গুরুত্বপূর্ণ টেন্ডার নিয়ে পার্ক স্ট্রিটে তাঁদের বৈঠকও হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে। সেই বৈঠকের দু’দিন পরই সংশ্লিষ্ট কাজের বরাত পেয়ে যায় অক্ষতের সংস্থা।
তদন্তকারীদের আরও দাবি, সম্প্রতি হাওয়ালার মাধ্যমে দিল্লিতে কর্নেল বালির এক পরিচিত ব্যক্তির কাছে ঘুষের টাকা পৌঁছে দেওয়া হয়েছিল। শুধু একটি নয়, একাধিক দরপত্র পাইয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল বলেও সন্দেহ সিবিআইয়ের। এই দুর্নীতিতে সেনাবাহিনীর আরও কয়েক জন আধিকারিক জড়িত থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে। আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কল রেকর্ড এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।