এবারের বিধানসভা নির্বাচনের শুরু থেকেই কড়া নজরদারি চালাচ্ছে কমিশন। গণনার দিনেও কোনও খামতি রাখতে রাজি নয় তারা। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ভোটে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের গাফিলতির অভিযোগ সামনে এসেছে। সেই ঘটনার জেরেই এই কড়া সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে।
দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কমিশন সূত্রে খবর, এ বার রেকর্ড ভোট পড়েছে। বর্তমানে ইভিএমগুলি কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে রাখা রয়েছে। গণনার সময় সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে কাজ চলবে। কমিশনের গাইডলাইন মেনে নির্ভুলভাবে গণনা সম্পন্ন করাই লক্ষ্য।
গণনাপর্ব সুষ্ঠু রাখতে রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নিয়োগ করা হয়েছে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার। তাঁদের সহযোগিতায় থাকবেন অতিরিক্ত অবজার্ভাররা। পাশাপাশি ৭৭ জন পুলিশ অবজার্ভারও মোতায়েন থাকবে।
আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ পদক্ষেপও নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের অধীন সমস্ত গণনাকেন্দ্রে ১৬৩ ধারা জারি করা হয়েছে। স্ট্রংরুমের ২০০ মিটার এলাকার মধ্যে জমায়েত নিষিদ্ধ। পাঁচজনের বেশি একত্র হওয়া যাবে না। গণনার আগে কোনওরকম উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও নির্ভুল গণনা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতায় কমিশন।