মাধ্যমিকের প্রথম দিনে দুর্ঘটনাগ্রস্ত প্রশ্নপত্র বোঝাই গাড়ি, আহত ২ পুলিশ কর্মী

সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ঘটে গেল দুর্ঘটনা। বাসন্তী থানা থেকে পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরে যাওয়ার পথে প্রশ্নপত্র বোঝাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে বাসন্তীর আমঝাড়া বাজার সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা দুই পুলিশ কর্মী আহত হন। তাঁদের মধ্যে ছিলেন একজন মহিলা পুলিশ কর্মী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ কর্মীদের দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন এবং দু’জনেরই অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সমস্ত প্রশ্নপত্র অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর বিকল্প গাড়ির ব্যবস্থা করে কড়া নিরাপত্তার মধ্যে প্রশ্নপত্র নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ফলে পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।