পরীক্ষার্থী পাবেন ওএমআর শিটের কার্বনকপি

রাজ্যে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলায় তিনি জানান, এবার থেকে ওএমআর ভিত্তিক পরীক্ষায় চাকরিপ্রার্থীদের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, এতদিন পরীক্ষার্থীরা নিজেদের উত্তরপত্রের কোনও কপি হাতে পেতেন না, যা নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ ও বিতর্ক তৈরি করত। তাঁর দাবি, স্বজনপোষণ ও দুর্নীতির মতো অভিযোগের অন্যতম কারণ ছিল এই অস্বচ্ছ ব্যবস্থা। তাই নতুন সরকার পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই নিয়ম চালু করতে চলেছে।

এদিন তিনি পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, নিয়োগ দুর্নীতির কারণে গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাঁর অভিযোগ, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। বিশেষ করে মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর দিয়ে অনিয়মের সুযোগ তৈরি হয়েছিল বলেও তিনি দাবি করেন।


নতুন নিয়োগ নীতিতে সেই পরিস্থিতি বদলানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর এবং ভাইভা—সব ক্ষেত্রেই নির্দিষ্ট ও স্বচ্ছ মানদণ্ড তৈরি করা হবে। মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার সুযোগ কমিয়ে ন্যূনতম নম্বরের ভিত্তিতে মূল্যায়নের কথা ভাবা হচ্ছে।

এছাড়াও সংরক্ষণ নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি ও বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের সংরক্ষণের ক্ষেত্রেও অতীতে নিয়ম সঠিকভাবে মানা হয়নি।

মুখ্যমন্ত্রীর দাবি, নতুন সরকার ‘১০০ শতাংশ দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা’ গড়ে তুলতে বদ্ধপরিকর। আগামী বাজেট অধিবেশনে নতুন নিয়োগ নীতি সংক্রান্ত প্রস্তাব বিধানসভায় আনা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।