ভোটের কাজে কলেজ শিক্ষকদের নিয়োগে সবুজ সংকেত

প্রতিনিধিত্বমূলক চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাই কোর্ট। ভোট পরিচালনায় কলেজ শিক্ষকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্তে সবুজ সংকেত দিল আদালতের ডিভিশন বেঞ্চ। এর ফলে নির্বাচন প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কেটে গেল বলে মনে করছে প্রশাসনিক মহল।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ এপ্রিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ এই নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল। যদিও সেই রায়ে বলা হয়েছিল, যেসব কলেজ শিক্ষক ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের এ বার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে অন্য দায়িত্বে শিক্ষকদের কাজে লাগানোর অনুমতিও দেওয়া হয়েছিল।

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে জাতীয় নির্বাচন কমিশন ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিস্তারিত শুনানির পর আদালত একক বেঞ্চের মূল নির্দেশ বাতিল করে দেওয়া হয় এবং কলেজ শিক্ষকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে।


আদালত পর্যবেক্ষণে জানায়, অতীতেও একাধিক নির্বাচনে কলেজ শিক্ষকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। সেই সিদ্ধান্ত নিয়ে আগে কখনও আপত্তি ওঠেনি। ফলে এবার আলাদা নিয়ম করা যায় না। একইসঙ্গে আদালত আরও উল্লেখ করেছে, কিছু শিক্ষক এই দায়িত্বে আপত্তি জানালেও অনেকেই ইতিমধ্যে কমিশনের নির্দেশ মেনে নিয়েছেন। তাই দুই ভিন্ন গোষ্ঠীর জন্য আলাদা নিয়ম তৈরি করা সম্ভব নয়।

উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে— ২৩ ও ২৯ এপ্রিল। ৪ মে ভোটগণনা হবে। এই পরিস্থিতিতে আদালতের এই রায় নির্বাচন প্রক্রিয়াকে আরও মসৃণ করতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।