হাইকোর্টের নির্দেশ মেনে কলকাতা কর্পোরেশনে অধিবেশনের ডাক

সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে শোচনীয় হার হয়েছে তৃণমূল কংগ্রেসের। তার পরই তৃণমূল কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ভোটের ফলাফল ঘোষণার এক মাসের মধ্যেই কার্যত তছনছ হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিভিন্ন পঞ্চায়েত, পুরসভাতেও তার জের পড়েছে।  একই পরিস্থিতি কলকাতা পুরসভাতেও। এবার কলকাতা পুরসভায় ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা প্রাক্তন শাসক দলের। সেই চেষ্টার অঙ্গ হিসেবেই হাইকোর্টের নির্দেশ মতো পুর অধিবেশনের ডাক দিলেন চেয়ারপার্সন মালা রায়। চলতি মাসের ১৯ তারিখে পুর অধিবেশন আহ্বান করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২২ মে পুরসভার চেয়ারপার্সন মালা রায় বৈঠক ডেকেছিলেন। তৃণমূলের কাউন্সিলররা পুরসভায় গেলেও অধিবেশন কক্ষের দরজা ছিল তালাবন্ধ। ভিতরে ঢুকতেই পারেননি কাউন্সিলররা। পুরসভার চেয়ারপার্সন মালা রায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বাধ্য হয়ে অধিবেশন কক্ষের বাইরেই তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক মহলের মতে, কলকাতা পুরসভায় এই ঘটনা নজিরবিহীন।

ওই ঘটনার পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, পুরসভার চেয়ারপার্সন মালা রায় পুর আইন মেনে মাসিক বৈঠক ডাকতে পারবেন। পাশাপাশি ২২ মে বৈঠকের বৈধ রেজোলিউশনের কপি হলফনামা আকারে ৯ জুনের মধ্যে আদালতে জমা দিতেও নির্দেশ দেয়। ১৭ জুন এই মামলার শুনানি হবে। রাজনৈতিক মহল মনে করছে, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কলকাতা পুরসভা যে কোনও সময় ভেঙে যেতে পারে। কারণ ইতিমধ্যেই একাধিক তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ ইস্তফা দিয়েছেন। কাউন্সিলরদের মধ্যে অনেকেই বেসুরো গাইছেন। এরই মধ্যে আদালতের নির্দেশ মেনে অধিবেশনের ডাককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।