বৃহস্পতিবার নবান্নে মন্ত্রীসভার বৈঠক, ভোটের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত

প্রতিনিধিত্বমূলক চিত্র

দুয়ারে কড়া নাড়ছে রাজ্য বিধানসভা নির্বাচন। আর তার আগে মন্ত্রীসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে বসছে এই বৈঠক। ১০ দিনের মাথায় ফের বসতে চলেছে মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠক।  এর আগে ১৭ তারিখ মন্ত্রীসভার বৈঠক  হয়েছিল। প্রশাসনিক মহলের ধারণা, ভোট ঘোষণা হওয়ার আগে এটি সম্ভবত শেষ মন্ত্রীসভার বৈঠক হতে চলেছে ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকের গুরুত্ব নির্বাচনের প্রেক্ষাপটে বেশি। বৈঠকে বিশেষ করে নিয়োগ এবং বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত রয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ এবং নতুন পদ সৃষ্টির বিষয়েও আলোচনা হতে পারে। প্রশাসনিক মহলের মতে, নিয়োগ সংক্রান্ত বিষয়গুলোতে সরকার ইতিবাচক বার্তা দিতে পারে।

এছাড়া শিল্পে বিনিয়োগ আকৃষ্ট করা, পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পে আর্থিক অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নির্বাচনের আগে উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করার জন্য সরকার সক্রিয় পদক্ষেপ নিতে পারে বলে জল্পনা রয়েছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছনো সরকারের লক্ষ্য। সেই কারণে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর দিকে বিরোধী দলগুলোরও নজর থাকবে। বৈঠকের ফলাফলের উপর রাজ্য রাজনীতিতে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রীসভার বৈঠককে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। ভোট ঘোষণার আগে সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে এবং সাধারণ মানুষ ও শিল্পমহল কতটা প্রভাবিত হবে,  সেদিকেই এখন সবার নজর রয়েছে। বৃহস্পতিবারের এই বৈঠক রাজ্য সরকারের শেষ নির্বাচনী প্রস্তুতি হিসেবে দেখছে রাজনৈতিক মহল।