বাসভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন বাসমালিকদের

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যে শেষবার বাসভাড়া বেড়েছিল ২০১৮ সালে। তখন পরিবহনমন্ত্রী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ আট বছর পর ফের ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হল বেসরকারি পরিবহন সংগঠনগুলি। পরিবহন ব্যবস্থার উন্নয়ন, যাত্রী নিরাপত্তা এবং পরিবহন শিল্পের আর্থিক সঙ্কট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানিয়েছে জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটর্স।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর উদ্দেশে পাঠানো এক চিঠিতে সংগঠনের পক্ষ থেকে দ্রুত সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। বর্তমানে মন্ত্রীসভা সম্প্রসারণ না হওয়ায় পরিবহন দপ্তরের দায়িত্বও মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে। সেই কারণেই সরাসরি তাঁর হস্তক্ষেপ চাইছেন পরিবহন মালিকরা।

সংগঠনের দাবি, জ্বালানির মূল্যবৃদ্ধি, গাড়ির রক্ষণাবেক্ষণের বাড়তি খরচ, আধুনিক পরিষেবা চালু করা এবং যাত্রী নিরাপত্তা বজায় রাখতে গিয়ে বেসরকারি পরিবহন শিল্প চরম আর্থিক চাপে রয়েছে। এই পরিস্থিতিতে সরকার ও পরিবহন সংগঠনগুলির মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি বলেই মনে করছে জয়েন্ট ফোরাম।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি বাস, মিনিবাস, অ্যাপ ক্যাব, স্কুলবাস-সহ বিভিন্ন পরিবহন সংগঠনকে নিয়ে গঠিত এই ফোরাম দীর্ঘদিন ধরে পরিষেবা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে ভাড়া পুনর্বিবেচনা না করলে পরিষেবা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের।

মুখ্যমন্ত্রীর কাছে একটি বিস্তারিত স্মারকলিপিও জমা দিতে চায় সংগঠন। সেখানে যাত্রী নিরাপত্তা, আর্থিক সহায়তা, ভর্তুকি, রুট সমস্যা, ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ-সহ একাধিক বিষয়ে প্রস্তাব রাখা হবে বলে জানা গিয়েছে। পরিবহন সংগঠনগুলির আশা, শুভেন্দু অধিকারী অতীতে পরিবহন দপ্তর সামলানোর অভিজ্ঞতা থেকে তাঁদের সমস্যার গুরুত্ব বুঝবেন এবং দ্রুত সমাধানের পথে এগোবেন।