রাজ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের জেরে শনিবার বহরমপুর ও হলদিয়ায় বুলডোজার অভিযান চালানো হয়। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বেআইনিভাবে তৈরি একাধিক দোকানঘর ও নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র অভিযোগ করেন, কাটমানির বিনিময়ে এসব অবৈধ দোকান তৈরি করা হয়েছিল। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, আইনবহির্ভূত কোনও নির্মাণ থাকলে প্রশাসন নিয়ম মেনেই ব্যবস্থা নেবে, তবে কাটমানির অভিযোগের কোনও ভিত্তি নেই।
অন্যদিকে, হলদিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডেও একই দিনে অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান চালানো হয়। রাজ্য সড়কের পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ও অস্থায়ী কাঠামো ভাঙা শুরু করে প্রশাসন। পাঁচদিন আগে সংশ্লিষ্টদের জায়গা খালি করার নোটিস দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল।
রাজ্য সরকার ইতিমধ্যেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছে। সেই নির্দেশের ভিত্তিতে বিভিন্ন পুরসভা বেআইনি নির্মাণ চিহ্নিত করে নোটিস পাঠানো শুরু করেছে। এর আগে কলকাতার তিলজলা, কসবা ও বেলেঘাটায় বুলডোজার অভিযান চালানো হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো বহরমপুর ও হলদিয়া। প্রশাসনের দাবি, জনস্বার্থ ও নগর পরিকল্পনা রক্ষার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।