অচলাবস্থার জেরে ভাঙল বোলপুর পুরবোর্ড, প্রশাসক হিসেবে দায়িত্বে অরুণালোক ঘোষ

Photo: Facebook

ইঙ্গিত আগেই মিলেছিল। এবার সেই ইঙ্গিতই সত্যি হল। দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটাতে বোলপুর পুরসভার পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বোলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর তথা পুরসভার এগজিকিউটিভ অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা অরুণালোক ঘোষকে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বোলপুর পুরবোর্ডকে শো-কজ নোটিস পাঠানো হয়। নোটিসে তিন দিনের মধ্যে কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে শুক্রবার পুরবোর্ড তাদের শো-কজের জবাব দপ্তরে পাঠায়।

প্রশাসনিক সূত্রের খবর, সেই ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় শনিবার সন্ধ্যায় পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পুরবোর্ড ভেঙে দেওয়ার নির্দেশ জারি করা হয়। এর পাশাপাশি পুরসভার দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম নির্বিঘ্নে চালিয়ে যেতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রশাসনের দাবি, নাগরিক পরিষেবা যাতে কোনও ভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন প্রশাসকের নেতৃত্বে পুরসভার পরিষেবা ও উন্নয়নমূলক কাজ স্বাভাবিক গতিতে ফিরবে বলেই আশা প্রশাসনের।