বিএনসিসিআই আন্তর্জাতিক যোগ দিবস  উদযাপন করল 

বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি  অশোক কুমার বণিকের নেতৃত্বে  (বিএনসিসিআই) আন্তর্জাতিক যোগা দিবস  উপলক্ষে  কাশীপুর অ্যাথলেটিক ট্রেনিং সেন্টারের সহযোগিতায় শনিবার একটি বিশেষ যোগাসন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি চেম্বারের  প্রথম উদ্যোগ এবং ভারত সরকারের সুস্থতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সুস্থ বার্ধক্য প্রচারের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট  অশোক কুমার বণিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  অমিত সাহা,  ভাইস প্রেসিডন্ট  অলোক সরকার- সহ এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্য, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিশিষ্ট অতিথিরা।

অশোক কুমার বণিক বলেন, ‘স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ।’  যোগ শারীরিক ও মানসিক সুস্থতা এবং বয়স নির্বিশেষে সক্রিয় জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি উল্লেখ করেন। স্বামী বিবেকানন্দ ও লোকনাথ ব্রহ্মচারীর শিক্ষার উদাহরণ দিয়ে তিনি বলেন, যোগ মানুষকে সারাজীবন সুস্থ, সক্রিয় ও উৎপাদনশীল রাখতে সাহায্য করে।  যোগকে নিয়মিত অনুশীলনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানান।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  অনিত ঘোষ এই দিনের বিশেষ তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক যোগ দিবসের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উদযাপনেরও দিন। সারা দেশে যোগ দিবস উদযাপিত হলেও পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারও স্মরণ করছেন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে যোগ ও সুস্থতা প্রচারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সুখেন মণ্ডল, সুবিমল দেব ও সমীরণ সাহাকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে শিশু, যুবক, প্রাপ্তবয়স্ক ও প্রবীণ — বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের নিয়ে প্রশিক্ষকদের যোগ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক দলের গঠিত দৃষ্টিনন্দন যোগ পিরামিড অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এবং উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে।

অনুষ্ঠানের শেষে বিএনসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  অমিত সাহা সকলকে ধন্যবাদ জানান। তিনি সকল অংশগ্রহণকারী, প্রশিক্ষক, সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যোগ শারীরিক সুস্থতা, মানসিক সম্প্রীতি ও সুস্থ বার্ধক্য অর্জনের এক শক্তিশালী হাতিয়ার এবং একটি স্বাস্থ্যবান ও স্থিতিস্থাপক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।