ভোটের আগে ব্লক স্তরে রদবদল, ৮৩ বিডিও-এআরওকে সরিয়ে দেওয়া হল

Election Commission of India. Nov 1, 2019. (File Photo: Amlan Paliwal/IANS)

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় প্রশাসনিক রদবদলের অনুমোদন দিল কমিশন। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত ৮৩ জন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও)-এর বদলির প্রস্তাবে সিলমোহর পড়েছে কমিশনের তরফে। রবিবার জারি হওয়া নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো প্রস্তাবের ভিত্তিতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, একটি নির্দিষ্ট ক্রমিক নম্বরের অফিসারকে বাদ দিয়ে বাকি ৮৩ জনের বদলি বা পুনর্বিন্যাসে অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নির্দেশ অনুযায়ী, কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম—প্রায় সব জেলাতেই এই রদবদল কার্যকর হবে। একাধিক গুরুত্বপূর্ণ ব্লকে নতুন করে দায়িত্ব পাচ্ছেন আধিকারিকরা, যাঁদের অনেকেই তুলনামূলকভাবে কম সময় ওই এলাকায় কর্মরত ছিলেন।


নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, দীর্ঘদিন একই জায়গায় কর্মরত প্রশাসনিক আধিকারিকদের বদলি করা হয় যাতে ভোট প্রক্রিয়ায় কোনও প্রভাব না পড়ে। সেই প্রেক্ষিতেই এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নির্বাচনের আগে এই ধরনের বদলি স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সহায়ক।

রাজ্য প্রশাসনের একাংশের মতে, এত বড় আকারে বিডিও ও এআরও স্তরে বদলি নির্বাচনী প্রস্তুতিরই অঙ্গ। বিশেষ করে ব্লক স্তরেই ভোট পরিচালনার বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। ফলে সেখানে নিরপেক্ষ আধিকারিক নিয়োগকে গুরুত্ব দিচ্ছে কমিশন।

এদিকে, কমিশনের এই নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। দ্রুত নতুন পদে যোগ দিতে নির্দেশ দেওয়া হতে পারে সংশ্লিষ্ট আধিকারিকদের। ভোটের আগে আরও কিছু প্রশাসনিক রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল