এসআইআর কাজের চাপে অসুস্থ রায়দিঘির এক বিএলও

এসআইআর-এর কাজের চাপ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এনুমারেশন ফর্ম বিলি করা থেকে বর্তমানে শুনানি চলাকালীন বিভিন্ন প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির খবরও মিলেছে। এসআইআর-এর আতঙ্কে আত্মহত্যা থেকে গুরুতর অসুস্থ হওয়ার কথাও সামনে এসেছে। এবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে অসুস্থ হয়ে পড়েছেন এক বিএলও। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআইআর-এর কাজের চাপেই ওই বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি পরিবারের।

মথুরাপুর দুই নম্বর ব্লকের ১১০ নম্বর বুথে বিএলও হিসেবে কাজ করছিলেন মাহবুব রহমান মোল্লা। বয়স ৫২ বছর। পেশায় তিনি একজন শিক্ষক। স্থানীয় গৌরীপুর এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন। কমিশনের নিয়ম মেনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন তিনি। খসড়া তালিকা প্রকাশের পরে শুনানি পর্ব শুরু হতেই তাঁর বুথের একাধিক ভোটার শুনানির নোটিস পায়। পরিবারের দাবি, সেই নিয়ে প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন মাহবুব।

শনিবার থেকে শরীর খারাপ করতে শুরু করে বিএলও মাহবুবের। সে কথা পরিবারের সদস্যদেরও জানান তিনি। তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গেলে চিকিৎসকরা ব্রেন স্ট্রোক হয়েছে বলে জানান। পরিবারের সদস্যরা তখন মাহবুবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মাহবুব রহমান মোল্লা। পরিবারের দাবি এসআইআর-এর কাজ নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। সেই চাপের কারণেই অসুস্থ হয়ে পড়েন মাহবুব।