কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায়, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া বলেই পরিচিত, সেখানে তাঁর বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন একদল বিক্ষোভকারী। যদিও এই ঘটনার পরও তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
রবিবার রাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছয়। তিন দিনের সফরে রাজ্যে এসে সোমবার থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকের আগে সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
তাঁদের মন্দিরে পৌঁছনোর আগেই মন্দির চত্বরে বিক্ষোভ শুরু হয়ে যায়। কালো পতাকা হাতে একদল মানুষ নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। অভিযোগ তোলা হয়, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে অযথা বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
তবে এই বিক্ষোভের মধ্য দিয়েই জ্ঞানেশ কুমার মন্দিরে প্রবেশ করেন এবং শান্তভাবে পুজো দেন। পুজো শেষ করে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেও বিক্ষোভ সম্পর্কে কিছু বলেননি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি শুধু বলেন, ‘পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন।‘ এরপর তিনি গাড়িতে উঠে এলাকা ছেড়ে চলে যান।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, কালীঘাট মন্দিরে পুজো দিয়ে জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল কামনা করেছেন। একই সঙ্গে তিনি রাজ্যে স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে কমিশনের অঙ্গীকারের কথাও উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ নির্ভয় ও স্বচ্ছ।
তিন দিনের এই সফরে জ্ঞানেশ কুমারের সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনের আরও দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। সোমবার সকাল ১০টা নাগাদ রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধানসহ প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। সফরকালে কালীঘাটের পাশাপাশি বেলুড় মঠেও যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, শহরে পৌঁছানোর পর থেকেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে জ্ঞানেশ কুমারকে। রবিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে নিউটাউনের হোটেল পর্যন্ত তাঁর যাত্রাপথেও ‘গো ব্যাক’ স্লোগান ওঠে এবং কালো পতাকা দেখানো হয়। তৃণমূল কংগ্রেস ও বাম কর্মী-সমর্থকেরা আলাদা ভাবে এই বিক্ষোভে অংশ নেন। বামেদের তরফে ‘নো ভোটার্স, নো ভোট’ স্লোগানও শোনা যায়।