পানিহাটিতে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রত্না

BJP MLA Ratna Debnath Photo-SNS

পানিহাটিতে আবার অশান্তির অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ল। বাজারের ঝামেলা থামাতে গিয়ে গুরুতর আক্রান্ত হন অরূপ সাহা। অভিযোগ, তাঁকে বুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তারপরেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। এই অরূপ সাহা একজন বিজেপি কর্মী। এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ অভয়ার মা তথা পানিহাটির বিধায়িকা।

এদিকে স্থানীয় সূত্রে খবর, পানিহাটি-১ মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। গতকাল এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রতিবাদ করেন বিজেপির পানিহাটি-১ মণ্ডলের সম্পাদক রুমা সাহা। তার প্রেক্ষিতে বিজেপি নেত্রীকে গালিগালাজ করেন তাঁর দলেরই কয়েকজন কর্মী বলে অভিযোগ। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন রুমা সাহার স্বামী অরূপ সাহা। তিনিও বিজেপির সক্রিয় কর্মী। পানিহাটির বিধায়িকা জানান, রুমা বাজারে গোলমাল থামাতে গেলে তাঁকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। বাড়ি ফিরে স্বামীকে বিষয়টি জানালে অরূপ সাহা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তখনই তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় মৃত্যু হয় অরুপের।

অন্যদিকে একদল যুবকের আক্রমণে জখম এবং অসুস্থ হয়ে পড়েছিলেন অরূপ। তাঁকে শনিবার রাতে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত বিজেপি কর্মীর স্ত্রীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই হামলা চালিয়েছিল। অরূপের মৃত্যুতে রবিবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপের দাবি করেন পানিহাটির বিধায়িক রত্না দেবনাথ। বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। এই ঘটনায় রাজদীপ-সহ একাধিক ব্যক্তির নাম তুলে ধরেছেন বিধায়িকা রত্না দেবনাথ।


তাছাড়া বিজেপির যুব সভাপতি রাজদীপ এবং ১৪ নম্বর ওয়ার্ডের ননী নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন রত্না। রত্না দেবনাথ সরাসরি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন, প্রত্যেকটি ওয়ার্ডে কনভেনার নিয়োগ করে দলীয় সমন্বয় নষ্ট করা হচ্ছে। তৃণমূল থেকে আসা ব্যক্তিরাই দলে বেশি গুরুত্ব পাচ্ছেন। রত্না দেবনাথের কথায়, ‘অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। রুমার পরিবারকে নিরাপত্তা দেওয়া এবং অভিযুক্তদের শাস্তি চাই।’ আর রুমা বলেন, ‘ওখানে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ প্রায় ৪০-৫০ জন যুবককে দেখতে পাই। তাঁদের মধ্যে নির্মল ঘোষের অনুগামীরাও ছিলেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার আমার দিকে তেড়ে আসেন। আমার স্বামী তাই দেখে প্রতিবাদ করেন। তখন রাজা তহশিলদার-সহ কয়েকজন ওর বুকে ধাক্কা মেরে সরিয়ে দেন। বাড়িতে ফেরার পর অরূপের চোখ-মুখ উল্টে যায়। কথা বলার শক্তিও ছিল না।’