পটাশপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

ভোটের আবহে ফের উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। মহেশপুর গ্রামে বুধবার রাতেই বিজেপি সমর্থক ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। অভিযোগ, কিছু তৃণমূল কর্মী বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার উদ্দেশ্যে ভয় দেখাতে শুরু করেন। সেই ঘটনার প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বাঁধে, যা পরে হাতাহাতিতে গড়ায়। এতে কয়েক জন বিজেপি কর্মী আহত হন বলে দাবি।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।


এদিকে, আহত দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে যান বিজেপি প্রার্থী তপন মাইতি। তিনি ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ঘটনাটি রাজনৈতিকভাবে রঙ চড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বজায় থাকলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।