শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোট গণনার নবম রাউন্ড শেষ হওয়ার পর বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের থেকে ৫৭ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই ভোট গণনা কেন্দ্র থেকে মাঝপথে বেরিয়ে যান তৃণমূল প্রার্থী গৌতম দেব। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ফলাফল বিশ্লেষণ করা দরকার, কারণ এই ফলাফল অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হচ্ছে। তাঁর মতে, পুরো পরিস্থিতি স্বাভাবিক বলে মনে হচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, কিছু কিছু ক্ষেত্রে ভোটের ধরণ অস্বাভাবিকভাবে একরকম দেখা যাচ্ছে। তাঁর দাবি, কিছু বুথে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ভোট এক পক্ষের দিকে যাচ্ছে, যা তাঁর কাছে সন্দেহজনক মনে হয়েছে।
গৌতম দেব আরও বলেন, বিষয়টি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। তাঁর অভিযোগ, কিছু জায়গায় ডাক ভোটের ব্যালট বাক্স সঠিকভাবে সিল করা হয়নি, আবার কোথাও কোথাও সিল ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, বিষয়টি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখছেন। এই ঘটনার পর শিলিগুড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।