বিজেপি সমর্থককে কুপিয়ে খুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উদয়নারায়ণপুরে বিজেপি কর্মীকে মারধর করে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম যাদব বর (৪৫)। সোমবার রাতে উদয়নারায়ণপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানশ্রী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং শুরু হয়েছে তদন্ত। ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির জয়ের আনন্দে সোমবার রাতে এলাকায় কয়েকজন যুবক মিলে পিকনিক করছিলেন। সেই সময় যাদব বরও সেখানে উপস্থিত ছিলেন। এরপরে বাড়ি ফিরে কিছুক্ষণ পর তিনি কাছেই স্নান করতে যান। অভিযোগ, সেই সময় কয়েকজন ব্যক্তি তাঁর উপর হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় ও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির দাবি, যাদব বর তাদের সমর্থক ছিলেন এবং রাজনৈতিক কারণে তাঁকে খুন করা হয়েছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের কর্মীরাই বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন, তাই এই অভিযোগ ভিত্তিহীন।