বাংলাদেশের ভোটার তালিকায় বিজেপির পঞ্চায়েত সদস্য, সরব তৃণমূল

BJP Three Leaders Expelled File Photo

বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে সরব গেরুয়া শিবির। মায়ানমারের বাসিন্দা রোহিঙ্গারাও বাংলায় রয়েছে বলে দাবি বিজেপির। এই পরিস্থিতিতে বিজেপির পঞ্চায়েত সদস্যের নাম মিলল ভারত-বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে সীমান্ত লাগোয়া স্বরূপনগরে।

বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ১০০ নম্বর বুথে বিজেপির নির্বাচিত সদস্য হলেন সুভাষচন্দ্র মণ্ডল। তাঁর নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকায়। ভারতের একজন পঞ্চায়েত সদস্যের নাম কী করে দু’দেশের ভোটার তালিকায় রয়েছে, তা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি।

সুভাষচন্দ্রের নাম ভারতের ভোটার তালিকায় রয়েছে। আবার বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে।  সাতক্ষীরা জেলার উপজেলা হল কলারোয়া।  ভোটার এলাকার কোড হল ০০৫৫।  রুদ্রপুর এলাকার তালিকায় ৩৬১ নম্বরে সুভাষচন্দ্র মণ্ডলের নাম রয়েছে। সুভাষ স্বীকার করে নিয়েছেন তাঁর বাড়ি বাংলাদেশে। এরপর বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। সুভাষের পঞ্চায়েত সদস্যপদ খারিজের দাবি তুলেছেন তাঁরা।


বিজেপি নেতা দিলীপ ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ রকম বহু লোক রয়েছেন, যাঁদের ওপাড়েও ভোটার কার্ড আছে, এ এপাড়েও আছে।  হিন্দু হলে তাঁর ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে। তাঁকে নথি দাখিল করে সিএএ ফর্ম ভরতে হবে।’ সুভাষের দাবি, ‘ছোটবেলায় আমি এ দেশে এসেছি। বাংলাদেশের তালিকায় কী ভাবে আমার নাম উঠল, বুঝতে পারছি না!’

বিথারি হাকিমপুরের ১০০ নম্বর বুথের বিএলও সুমন মণ্ডলের বক্তব্য, ‘আমি সুভাষবাবুর এনুমারেশন ফর্ম দিয়ে এসেছি। এখনও তিনি জমা দেননি। তাঁর ফর্ম জমা পড়লে আমার ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলব।’ তৃণমূলের স্বরূপনগর উত্তর ব্লক সভাপতি জিয়াউর রহমান জানিয়েছেন, ‘এসআইআর নিয়ে বিজেপি বড় বড় কথা বলছে। অথচ, তাদের দলের পঞ্চায়েত সদস্য বাংলাদেশি নাগরিক’।