নদিয়া মেগা সিটি হতে চলেছে, বিরাট প্রস্তাব দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ

BJP MP Jagannath Sarkar Photo-SNS

রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নদিয়া জেলাকে কেন্দ্র করে একটি মেগা সিটি তোলার প্রস্তাব দিয়েছেন। এই মেগা সিটি গড়ে উঠলে জেলার মানুষজনের বিরাট উপকার হবে। একদিকে অর্থনৈতিকভাবে জেলার মানুষজনের জীবনে স্থিতাবস্থা আসবে। অপরদিকে সামাজিক উন্নয়নও ঘটবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গোটা পশ্চিমবঙ্গকেই ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। আর তার মধ্যেই নদিয়া জেলাকে কেন্দ্র করে একটি মেগা সিটি তোলার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই সংক্রান্ত একটি প্রস্তাবপত্র জমা দেবেন বলে জানালেন সাংসদ জগন্নাথ সরকার।

এদিকে নদিয়া জেলার ভৌগোলিক এবং ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিজেপি সাংসদ জানান, জেলাটির অবস্থান মধ্যবঙ্গে। কৃষ্ণনগর, শান্তিপুর, তাহেরপুর, বিড়নগর এবং রানাঘাটের মতো একাধিক প্রাচীন ও ঐতিহাসিক শহর এখানে রয়েছে। যেগুলির পরস্পরের দূরত্ব অত্যন্ত কম। আবার ফুলিয়া এবং বাদকুল্লার মতো অর্ধেক শহর এলাকার দূরত্বও খুব সামান্য। ভৌগোলিক সান্নিধ্য, চমৎকার যোগাযোগ ব্যবস্থা এবং বাংলাদেশের সীমান্তবর্তী অবস্থানকে কাজে লাগিয়ে একটি সমন্বয় করে পরিকল্পনার মাধ্যমে নদিয়াকে ‘মেগা সিটি’ হিসেবে গড়ে তোলা সম্ভব।

অন্যদিকে নদিয়া জেলাবাসীর জন্য সুখবর ইতিমধ্যেই এসেছে। আয়কর সংক্রান্ত নানা পরিষেবা এবার থেকে আরও সহজে মিলবে জেলা সদর কৃষ্ণনগরেই। কারণ বহুদিন অপেক্ষার পর কৃষ্ণনগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নবনির্মিত ‘আয়কর ভবন’। নবনির্মিত এই কার্যালয় চালু হওয়ায় সাধারণ করদাতা থেকে শুরু করে ব্যবসায়ী মহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এতদিন জেলার আয়কর বিষয়ক গুরুত্বপূর্ণ কাজকর্মের জন্য একাধিক দপ্তরে যেতে হতো। তার ফলে সময় এবং অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের হয়রানিরও অভিযোগ উঠত। এই নবনির্মিত আয়কর ভবনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ ও সিকিমের প্রধান মুখ্য প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত শ্রীমতী সুরভী ভার্মা গর্গ।


তাছাড়া এই ঘটনার পরই মেগা সিটি নিয়ে সাংসদ জগন্নাথ সরকার উল্লেখ করেন যে, এই এলাকায় মেগা সিটি গড়ে উঠলে অঞ্চলটির শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে এলাকার ঐতিহাসিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্যের সংরক্ষণও নতুন মাত্রা পাবে। সম্পূর্ণ উন্নয়নমূলক পরিকল্পনা কার্যকর করতে সবরকম সমর্থনের আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, ১৯৪৭ সালের দেশভাগের পর ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি এই নদিয়া জেলা গঠিত হয়। নয়টি দ্বীপ বা দীয়া থেকে নবদ্বীপ এবং সেখান থেকে নদিয়া নামের উৎপত্তি হয়েছে বলে প্রবীণ নাগরিকদের দাবি।