পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকে নানা প্রকল্প যেমন চালু হয়েছে তেমন আগের প্রকল্পগুলির অর্থও বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ছাত্রীদের জন্য বিশেষ পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ করে যেসব ছাত্রীরা কলেজে ভর্তি হবেন তাঁদের আর্থিক সাহায্য করা হবে। ছাত্রীরা যাতে আরও বেশি করে উচ্চশিক্ষায় যোগ দেয় এবং কলেজমুখী হয় তার জন্যই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এতে একদিকে যেমন কলেজ ছাত্রীদের উপকার হবে তেমন অভিভাবকদের চিন্তাও দূর হবে। আর এই বড় খবরটি জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
রাজ্যের শিক্ষাব্যবস্থাতে ঢেলে সাজাতে উদ্যোগী বিজেপি সরকার। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ‘এক দেশ এক শিক্ষানীতি’ নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দেশজুড়ে জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে। সেটা এখন এই রাজ্যেও কার্যকর হয়েছে। উচ্চশিক্ষায় মেয়েদের ভর্তির হার কমছে বলে খবর। আর তা নিয়ে চিন্তিত নয়া বিজেপি সরকার! ছাত্রীদের স্নাতক স্তরে পড়াশোনা করলেই এবার সরকারি অনুদানের চিন্তাভাবনা করা হচ্ছে। তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেবে রাজ্য সরকার! বিএ, বিকম এবং বিএসসি যে কোনও বিভাগে ভর্তি হয়ে পড়াশোনা করলেই মিলবে এই আর্থিক সহায়তা বলে জানান বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
নাবালিকা পড়ুয়াদের বিয়ে দেওয়ার চেষ্টা করলে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি পালন করবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বরং আরও বেশি করে ছাত্রীরা উচ্চশিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াক, প্রতিষ্ঠিত হোক সেটার জন্যই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এদিন সভামঞ্চ থেকে ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘শুধুমাত্র মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করেই পড়াশোনা থামিয়ে দিলে চলবে না। প্রত্যেকটি মেয়েকে স্নাতক হতে হবে। মুখ্যমন্ত্রীও চান প্রত্যেকটি কন্যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেন স্নাতক স্তর পর্যন্ত হয়। অনেক সময় ছাত্রীদের পরিবারের সদস্যরা আর্থিক সমস্যায় পড়েন। সেটা এবার থেকে হবে না।’
তাছাড়া আর্থিক সমস্যার জেরে অভিভাবকরা মেয়েদের বিয়ে দিয়ে দেন। তার ফলে উচ্চশিক্ষা আর নেওয়া হয় না। আবার ইচ্ছে থাকলেও অভিভাবকরা উচ্চশিক্ষা দিতে পারেন না মেয়েদের। সেসব যাতে না হয় তার জন্য জিতেন্দ্র তিওয়ারির বার্তা, ‘কলেজে বিএ, বিকম এবং বিএসসি বিভাগে ছাত্রীদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। কলেজে মেয়েদের ভর্তি করলে তাঁদের পড়াশোনার জন্য তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। প্রথম বর্ষে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বর্ষে ১৭ হাজার টাকা এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে। এই আর্থিক সহায়তার মাধ্যমে মেয়েরা অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না এবং স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবে।’