বদলের পশ্চিমবঙ্গে মাত্র ৬ মাসের মধ্যেই স্বয়ং মুখ্যমন্ত্রীর নাম কাজে লাগিয়ে ৬ কোটি টাকার তোলাবাজি করে এক বিজেপি নেতা বলে অভিযোগ। ওই বিজেপি নেতা আবার শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা। বিজেপির মণ্ডল কমিটির সহ-সভাপতি। শুধু তাই নয়, নয়াদিল্লিতে বিজেপি দপ্তরেও ওই বিজেপি নেতার অবাধ যাতায়াত। একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। সেই সুবাদেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে চাকরি থেকে কাজের বরাতের ‘টোপ’ দিয়ে ৬ কোটি টাকা হাতিয়ে নেয় বিজেপি নেতা অভিজিৎ করণ বলে অভিযোগ।
এদিকে তোলাবাজির ইস্যুতে নেতা-কর্মীদের বারবার কড়া বার্তাও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কিন্তু তারপরও তোলাবাজি চলছে। এবার খোদ মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ উঠল! আর সেই খবর কানে যেতেই কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণ। এই নেতার বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। নন্দকুমার থানার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা এই বিজেপি নেতা। এই ঘটনার কথা জানতে পেরে প্রচণ্ড ক্ষুব্ধ হন শুভেন্দু অধিকারী। অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেন পুলিশ সুপারকে। তারপরই অভিজিতের বিরুদ্ধে নন্দকুমার থানায় এফআইআর করেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য রিপুঞ্জয় প্রামাণিক। তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার লোভ দেখিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়েছেন অভিজিৎ। অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে ধৃতকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে পেশ করা হলে দু’দিন পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ। আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এই নেতা বলেন, ‘আমাকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। ছ’কোটি টাকা তোলাবাজির অভিযোগ একদম ঠিক নয়।’ পুলিশ সূত্রে খবর, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে রাজ্যের নানা জায়গা থেকে ধৃত বিজেপি নেতা টাকা তুলছিলেন। শুধু তাই নয়, একাধিক নির্বাচনে প্রার্থী করে দেওয়ার টোপ দিয়েও একাধিক নেতাদের কাছ থেকে অভিজিৎ করণ টাকা তুলতেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। কলকাতার একটি হোটেলে ওই টাকা নেওয়া হয়েছিল।
তাছাড়া তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রিপুঞ্জয়বাবুর দাবি, ‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর নাম ভাঙিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছেন আমাদের ওই গুণধর নেতা। আমাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার লোভ দেখিয়ে নয়াদিল্লিতে নিয়ে গিয়েছিলেন। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সর্বভারতীয় নেতা সুনীল বনসলের সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। তারপর কলকাতার হোটেলে ১২ লক্ষ টাকা নিয়েছেন। একই ধাপ্পা দিয়ে অন্যন্যদের থেকে ৬ লক্ষ টাকাও নিয়েছেন।’