বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৬ মাসের মধ্যে ব্যাপক তোলাবাজির অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সরাসরি তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোলাবাজি, কাটমানির অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু করেছেন। কিন্তু তারপরও টনক নড়েনি অনেকের। এবার ক্লাবের টাকা ছিনতাই, মারধর এবং দলের নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে। আর তার জেরে নদিয়ার রানাঘাটে গ্রেপ্তার হলেন ওই বিজেপি নেত্রী। এই ঘটনা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে।
এই টাকা ছিনতাই, মারধরের ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে কৃষ্ণগঞ্জের প্রাক্তন মণ্ডল সভানেত্রী তথা বর্তমান বিজেপি নেত্রী পিয়ালি বিশ্বাসকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ। এখানেই শেষ নয়, ওই বিজেপি নেত্রীর স্কুটি থেকে মদের বোতল উদ্ধার হয়েছে এবং স্কুটিটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই বিজেপি নেত্রী মানুষের সঙ্গে খারাপ ব্যবহারও করেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এখন দল ক্ষমতায় আছে, তাঁর কেউ কিছু করতে পারবে না বলেও মাঝেমধ্যে তর্জনী তুলে হুঁশিয়ারিও দিয়ে থাকেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মমতা বিশ্বাস বলেন, ‘রানাঘাটের পঞ্চপাণ্ডব ক্লাবে দলবল নিয়ে হাজির হন বিজেপি নেত্রী পিয়ালি বিশ্বাস। ক্লাবে উপস্থিত হয়েই বিজেপির নাম ভাঙিয়ে ভয় দেখাতে থাকেন। এমনকী ক্লাবের জমানো টাকা ছিনতাই করে নিয়ে যান পিয়ালি। প্রতিবাদ করতে গেলে আমাকে মারধর করা হয়।’
এই ঘটনার পর আক্রান্ত ও ক্ষুব্ধ এলাকাবাসীরা রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিয়ালির বিরুদ্ধে। এমনটা যে হবে তা ভাবতেও পারেননি এই বিজেপি নেত্রী। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ বিজেপি নেত্রী পিয়ালি বিশ্বাসকে গ্রেপ্তার করে। কিন্তু তাতে তাঁকে দমানো যায়নি। বরং তখনও তর্জন গর্জন করতে থাকেন তিনি। যাঁরা অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে তাঁদের দেখে নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। থানা তাঁকে আটকে রাখতে পারবে না বলেও জোর গলায় জানিয়ে দেন তিনি।
পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় বিজেপি নেত্রীর স্কুটির থেকে মদের বোতল উদ্ধার হয়েছে এবং স্কুটিটি বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। শুধু তাই নয়, সাংবাদিকদের দেখে মিডিল ফিঙ্গার দেখান তিনি। ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে আগেও বহু অভিযোগ ছিল। এবার সরাসরি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এই বিষয়ে বিজেপির জেলা নেতৃত্বের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।