নন্দীগ্রামে চন্দ্রনাথের মা-কে টিকিট দিল বিজেপি, উপনির্বাচনে রেজিনগরের প্রার্থী কে?

File Photo

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিজেপি কাদের প্রার্থী করবে, সেই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে এই দুই জায়গার উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল  শাসক দল। নন্দীগ্রামে পদ্মশিবির প্রার্থী করেছে চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। চন্দ্রনাথ রথ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্ত সহায়ক। অন্যদিকে, রেজিনগরে প্রার্থী করা হয়েছে শাখারভ সরকারকে।

বিজেপি সূত্রের খবর, নন্দীগ্রামের উপনির্বাচনে কে বিজেপি প্রার্থী হবেন, তা নিয়ে দলের অন্দরে একাধিক নাম নিয়ে চর্চা চলেছে। তাঁদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথের মা হাসিরানি, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, সহ-সভাপতি প্রলয় পাল, সহ-সভাপতি অঞ্জন ভারতী এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য সাহেব দাস। তবে শেষ পর্যন্ত চন্দ্রনাথের মা হাসিরানি-কেই টিকিট দেন বিজেপি।

দলীয় সূত্রের খবর, মঙ্গলবার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে নিজের মনোনয়নপত্র জমা দেবেন হাসিরানি। হলদিয়া মহকুমাশাসকের দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। শুভেন্দু অধিকারী নিজেও সেখানে উপস্থিত থাকতে পারেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হাসিরানি রথ মঙ্গলবার সকালে নন্দীগ্রাম ২১০ বিধানসভার বিখ্যাত জানকীনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন।


তবে হাসিরানি রথ রাজনৈতিক দুনিয়ায় নতুন মুখ নন। এর আগে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ১৯৯৮ সাল থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২ বার পঞ্চায়েত সদস্য এবং ৩ বার পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে দায়িত্ব সামলেছেন। তাই দল যদি তাঁকে কোনও দায়িত্ব দেয়, সেটা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, মুর্শিদাবাদ ও বহরমপুরে বিজেপির পরিচিত মুখ শাখারভ সরকার। এর আগে হুমায়ুন কবীরের বিরুদ্ধে তিনি একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। কয়েকমাস আগে বহরমপুরে রামমন্দিরের শিলান্যাসের সময়েও তাঁর নাম নিয়ে বিতর্ক হয়েছিল। এবার তাঁকেই রেজিনগর থেকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। তাঁকে উপনির্বাচনে প্রার্থী করায় তিনি এর জন্য দলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুন: কল্যাণীর ই-কমার্স মার্টে মেয়াদউত্তীর্ণ পানীয় জল বিক্রির অভিযোগ, অসুস্থ গ্রাহক

উল্লেখ্য, এর আগেই নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বাম, কংগ্রেস ও তৃণমূলের দুই শিবির এই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। এবার শেষে বিজেপিও এই দুই কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করল।