রঘুনাথপুর পুরসভায় দুর্নীতির অভিযোগ তুলে দাবিপত্র বিজেপির

রঘুনাথপুর পুরসভার একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে একগুচ্ছ দাবি জানিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের (ইও) কাছে স্মারকলিপি জমা দিল রঘুনাথপুর শহর বিজেপি। মঙ্গলবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর বিজেপি সভাপতি শান্তনু চট্টোপাধ্যায়, বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা-সহ অন্যান্য নেতৃত্ব।

শহর বিজেপি সভাপতি শান্তনু চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, রঘুনাথপুর পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরের লাগামছাড়া দুর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাঁর দাবি, আবাস যোজনা, পানীয় জলের সংযোগ প্রকল্প এবং স্বচ্ছ ভারত মিশনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। এমনকি ‘মা ক্যান্টিন’ পরিচালনাতেও অনিয়মের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, দুর্নীতির প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হবে বলেও জানান তিনি।

বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা অভিযোগ করেন, পুরসভার কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও উঠেছে। তাঁর দাবি, কারও পরিবারের দুইজন, আবার কারও পরিবারের তিনজন পর্যন্ত পুরসভায় চাকরি পেয়েছেন।যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুরসভার পুরপ্রধান তরণি বাউরি। তিনি বলেন, অভিযোগ যে কেউ করতে পারেন। তবে দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণও দিতে হবে। পুরসভার ইও প্রশান্ত মুখোপাধ্যায় বলেন, তদন্ত হলেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।