মনোনয়ন পেশ ঘিরে ফের উত্তেজনা আলিপুরে। বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়নে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা। পাপিয়া অধিকারীর অভিযোগ, তাঁদের এক ঘণ্টা হাজরা মোড়ে দাঁড় করিয়ে রাখে পুলিশ। আলিপুর সার্ভে বিল্ডিং এলাকায় সোমবার ছিল কড়া পুলিশি পাহারা। গোটা এলাকা ঘেরা ছিল ব্যারিকেডে। ব্যরিকেডের একদিকে যখন ‘জয় শ্রীরাম’ স্লোগান চলছিল, তখন অন্যদিক থেকে উঠল ‘জয় বাংলা’ স্লোগান। যুযুধান দুই দলের স্লোগানযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে আলিপুর সার্ভ বিল্ডিং চত্বর।
এবার টালিগঞ্জে পাপিয়া অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। সোমবার পাপিয়া অধিকারীর মনোনয়ন পেশ করতে যান। সে সময় তাঁকে বাধা দেওয়া হয়েছে বলে পাপিয়ার অভিযোগ। টালিগঞ্জের বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল, সিপিএম প্রার্থীরা সবাই মনোনয়ন দিতে পেরেছে।
একমাত্র তাঁদেরই হাজরা মোড়ে প্রায় ১ ঘণ্টা আটকে রাখে পুলিশ। বিজেপি প্রার্থী প্রশ্ন তোলেন, ‘পুলিশ তৃণমূলের মতো আচরণ করছে। ওরা কি চায় আমরা ভোট বয়কট করি? মনোনয়নটাই যদি দিতে না দেয়, ভোট হবে কী করে?’ ঘটনার জেরে বিজেপি কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান পুলিশ আধিকারিকরা। অন্যদিকেও পুলিশের দাবি, বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়নি। নিরাপত্তার কারণেই বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সরানো হয়েছে।
অন্যদিকে, আলিপুর সার্ভে বিল্ডিংয়ে এদিন মনোনয়ন জমা দেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এবং রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। সেখানেও ছিল কড়া পুলিশি পাহারা। জানা গিয়েছে, আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনে থেকে জমায়েত হঠাতে এদিন সক্রিয় ছিল পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন ছিল ওই চত্বরে।