পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করার গুরুত্বপূর্ণ বৈঠক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। সেই বৈঠকেই রাজ্যের ১৫০-র বেশি আসনে প্রার্থীর নাম ঠিক করে ফেলেছে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৬৫। দলীয় সূত্রের খবর, বর্তমান বিধায়কদের সিংহভাগই এ বারও টিকিট পাচ্ছেন। প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ বিধায়ককে আবার প্রার্থী করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে ১০ থেকে ১৫ শতাংশ বিধায়ক এ বার টিকিট পাচ্ছেন না। তাঁদের মধ্যে কয়েকজন অসুস্থতার কারণে নিজেরাই ভোটে লড়তে অনীহা প্রকাশ করেছেন বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। ওই বৈঠকে প্রায় সব আসন নিয়েই আলোচনা চূড়ান্ত করা হয়। এর আগে ২৬ ফেব্রুয়ারি ন্যাশনাল লাইব্রেরির অতিথিনিবাসে রাজ্য নেতৃত্বের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের দীর্ঘ বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই অধিকাংশ আসনের জন্য তিনটি করে এবং কিছু আসনের জন্য চারটি করে সম্ভাব্য প্রার্থীর নাম বেছে নেওয়া হয়েছিল।
তারপর সেই তালিকা নিয়েই গত দু’দিন ধরে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনেও পরপর দু’দিন বৈঠক হয়। সেই আলোচনার ভিত্তিতেই ১৫০-টির বেশি আসনে প্রার্থীদের নাম নির্ধারিত হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে তাতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়া ছিলেন সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ঢোন্ড, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সাংসদ মনোজ টিগ্গা। প্রায় তিন ঘণ্টা ধরে এই বৈঠক চলে।
বৈঠক শেষে নেতারা প্রার্থী তালিকা নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির জেতা আসন এবং সম্ভাবনাময় আসনগুলিকেই প্রথমে গুরুত্ব দেওয়া হয়েছে। এ বার সংগঠন থেকে উঠে আসা বেশ কয়েকটি নতুন মুখও প্রার্থী তালিকায় জায়গা পেতে পারেন। এমন কিছু নামও রয়েছে, যাঁরা আগে কখনও বিধানসভা বা লোকসভা নির্বাচনে লড়েননি।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা প্রকাশে যথেষ্ট দেরিও হয়েছিল। এ বার সেই পরিস্থিতি এড়াতে আগেভাগেই প্রস্তুতি সেরে ফেলতে চাইছে দল। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করলেই অন্তত ১৫০ আসনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে বিজেপি সূত্রে খবর।