নন্দীগ্রাম দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। অন্যদিকে ভবানীপুরও রাজ্য-রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে এই দুই কেন্দ্র থেকে তাঁর লড়াইয়ের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
এদিকে খড়গপুর সদর কেন্দ্র থেকেও ফের প্রার্থী করা হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকে। এই কেন্দ্রের সঙ্গে দিলীপ ঘোষের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক। এর আগেও তিনি এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। তাই পুরনো ঘাঁটি থেকেই তাঁকে ফের প্রার্থী করা বিজেপির কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বরানগর থেকে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে।
সূত্রের খবর, গত সপ্তাহে দিল্লিতে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে ভবানীপুর কেন্দ্র নিয়ে আলাদা করে শুভেন্দুর সঙ্গে আলোচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় বিজেপি। সূত্রের খবর, ভোট ঘোষণার প্রায় ৭২ ঘণ্টা আগেই শুভেন্দু জানতে পারেন যে, ভবানীপুর থেকেও তাঁকেই প্রার্থী করতে চলেছে দল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে শুভেন্দুর লড়াই রাজ্যের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। যদিও বিজেপি আনুষ্ঠানিকভাবে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি, অনেকের মতে এই লড়াইয়ের মাধ্যমে শুভেন্দুই কার্যত দলের মুখ হয়ে উঠতে পারেন।