তৃণমূল কর্মীর ছেলেকে পিটিয়ে মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূল কর্মীর ছেলেকে পিটিয়ে মারার অভিযোগ উঠল নদিয়ার কল্যাণীর গয়েশপুরের কুলিয়াপাঠ ঠাকুরবাড়ি এলাকায়। অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর ছেলের। মৃতের নাম পাপাই সরকার। বয়স ২৬ বছর।

মৃতের বাবা সমীর সরকারের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার কারণে ছেলের মৃত্যু হয়েছে। ভোটে জেতার পর থেকে ছেলেকে মেরে ফেলার হুমকি দিত বিজেপি। গত ২০ মে ছেলেকে বেধড়ক মারধর করে বিজেপির কর্মীরা। মারধর করে রাস্তায় ফেলে রাখা হয় পাপাইকে। এমনটাই অভিযোগ মৃতের বাবার।

মৃতের বাবার আরও অভিযোগ, এরপর ছেলেকে উদ্ধার করে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় পাপাইকে। রবিবার রাতে কল্যাণী এইমসে নিয়ে আসার পথে মৃত্যু হয় পাপাইয়ের। তাঁর ছেলের মৃত্যুর জন্য বিজেপিকে দায়ী করেছেন মৃতের বাবা।


যদিও কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে কিছুই জানি না। আমাকে কেউ কোনও অভিযোগ জানায়নি। ঘটনার বিবরণ জানিয়ে কল্যানী থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।