নিজের বিয়ে রুখলেন বীরভূমের সমাপ্তি, উপহার পাঠিয়ে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

পড়াশোনা শেষ না করেই একাদশ শ্রেণির ছাত্রীর বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল পরিবার। কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন ওই নাবালিকা সাহসিকতার সঙ্গে সেই বিয়ে রুখে দেয়। তাঁর এই দৃঢ় অবস্থানকে কুর্নিশ জানিয়ে পাশে দাঁড়াল রাজ্য প্রশাসন।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে উপহার পাঠিয়েছেন এবং পড়াশোনার সমস্ত খরচ বহনের আশ্বাস দিয়েছে প্রশাসন।

জানা গিয়েছে, নাবালিকার নাম সমাপ্তি মণ্ডল। বীরভূম জেলার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। মুক্তিপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী সমাপ্তি উচ্চশিক্ষা নিয়ে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখত। সম্প্রতি পরিবারের তরফে তার বিয়ের আয়োজন করা হয়। কিন্তু সমাপ্তি তাতে রাজি হননি। পরিবারের আপত্তি সত্ত্বেও বিষয়টি প্রশাসনকে জানান তিনি।

প্রথমে রাজনগর উন্নয়ন ব্লকের বিডিও-র সঙ্গে যোগাযোগ করেন সমাপ্তি। যদিও তাঁর বাড়ি দুবরাজপুর ব্লকের অন্তর্গত, তবু দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে যায়। দুবরাজপুরের বিডিও অবিলম্বে সিডিপিও-কে তদন্তের নির্দেশ দেন। বিয়ের দিনই আইসিডিএস সুপারভাইজার ঘটনাস্থলে পৌঁছে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।


সমাপ্তির এই উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেছেন প্রশাসনিক কর্তারা। তাঁদের মতে, তাঁর পদক্ষেপ অন্য কিশোরীদেরও অনুপ্রাণিত করবে। মুখ্যমন্ত্রীর পাঠানো কম্পিউটার ইতিমধ্যেই তাঁর হাতে পৌঁছে গিয়েছে। পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে খুশি সমাপ্তি এবং তাঁর পরিবার।