তৃণমূল ভবনে বসল বায়োডাটা বক্স, নতুন মুখ খুঁজছে তৃণমূল কংগ্রেস

প্রতীকী চিত্র

মার্চের শুরুতেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে—এমন জল্পনার মধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক ও বিরোধী শিবির। প্রার্থী নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই কলকাতার তৃণমূল ভবনে বসানো হল ‘বায়োডেটা বক্স’। শাসকদলের তরফে জানানো হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে লড়তে আগ্রহীরা ওই বক্সে নিজেদের বায়োডেটা জমা দিতে পারবেন। নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বক্স বসানোর পর থেকেই আবেদন জমা পড়তে শুরু করেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই শতাধিক আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের তালিকায় রয়েছেন চিকিৎসক, সমাজসেবী থেকে শুরু করে বর্তমান ও প্রাক্তন বিধায়ক-মন্ত্রীদের নামও। চিকিৎসক মৃণালকান্তি সাহা, যিনি দীর্ঘদিন মাদার টেরেসার সঙ্গে কাজ করেছেন, তিনিও বায়োডেটা জমা দিয়েছেন। সমাজসেবী এনামুল হকও আবেদন করেছেন বলে জানা গিয়েছে।

এ ছাড়া লালগোলার প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং মালদহের মন্ত্রী তাজমূল হোসেন-সহ একাধিক পরিচিত মুখ আবেদনের আগ্রহ প্রকাশ করেছেন।


২০২১ সালের বিধানসভা নির্বাচন ও পরবর্তী লোকসভা নির্বাচনের আগেও একই পদ্ধতিতে ড্রপ বক্স বসিয়ে আবেদন সংগ্রহ করেছিল তৃণমূল। সেই রীতি মেনেই এ বারও উদ্যোগ। তবে প্রতি বারই প্রার্থী তালিকায় চমক দেয় দল। ফলে প্রশ্ন উঠছে, এ বার কি নতুন মুখের উপর জোর দেওয়া হবে, নাকি অভিজ্ঞদেরই ফের সুযোগ দেওয়া হবে? দলীয় সূত্রে খবর, নির্বাচন ঘোষণার দিনই বক্স খোলা হবে।