টলিপাড়ায় নেমে এল গভীর শোক। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দিঘায় শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য দিঘার কাছে তালসারি সমুদ্রসৈকতে গিয়েছিলেন অভিনেতা। শুটিংয়ের ফাঁকে তিনি জলে নামেন। আচমকাই গভীর জলে তলিয়ে যান তিনি। ঘটনার পর সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
ঘটনার পর শুটিং সেটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই আকস্মিক ঘটনায় সহকর্মী থেকে শুরু করে ইউনিটের সদস্যরা স্তম্ভিত হয়ে পড়েন। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রের খবর, জলে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। সহকর্মী ও অনুরাগীদের মধ্যেও নেমে এসেছে শোকের আবহ। সামাজিক মাধ্যমেও শোকবার্তার বন্যা বইছে। এই ঘটনার জেরে শুটিং ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
একজন প্রাণবন্ত অভিনেতার এই আকস্মিক মৃত্যু টলিপাড়ার জন্য এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।