দিঘার জলে মর্মান্তিক পরিণতি। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। এই ঘটনায় টলিপাড়ায় নেমে এল গভীর শোকের ছায়া। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য দিঘার কাছে তালসারি সমুদ্রসৈকতে গিয়েছিলেন অভিনেতা। শুটিংয়ের এক ফাঁকে তিনি জলে নামেন। আচমকাই গভীর জলে তলিয়ে যান তিনি। ঘটনার পর সঙ্গে থাকা টেকনিশিয়ানরা তাঁকে দ্রুত উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, জলে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘ সময়ের তল্লাশির পর তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর শুটিং সেটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সহকর্মী থেকে শুরু করে ইউনিটের সদস্যরা স্তম্ভিত হয়ে পড়েন এই আকস্মিক ঘটনায়।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’তে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি। সেই ধারাবাহিকের শুটিংয়ের কাজেই পুরো টিম দিঘার তালসারিতে গিয়েছিল বলে জানা গিয়েছে। টলিউডের পরিচিত মুখ রাহুল অভিনয় জীবনের শুরু করেছিলেন থিয়েটারের মঞ্চ থেকে। বিজয়গড় থিয়েটার দলের হয়ে ‘রাজ দর্শন’ নাটকে বাবার সঙ্গে অভিনয়ের মাধ্যমে তাঁর যাত্রা শুরু। এরপর দীর্ঘ সময়ে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।
টেলিভিশনে আত্মপ্রকাশের আগে থেকেই তাঁর অভিনয় দক্ষতা দর্শক মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলা’-তে আদিত্য চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর একের পর এক ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করে নিজস্ব জায়গা তৈরি করেছেন।
উল্লেখ্য, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৮৩ সালের ১৬ অক্টোবর। তাঁর বাবার সঙ্গে ‘রাজ দর্শন’ নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি বাংলা ছবিতেও অভিনয় শুরু করেন রাহুল। প্রথম দিকে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। এই ছবির গান আজও দর্শকমহলে সমান জনপ্রিয়। পরবর্তীতে যাঁকে তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।
একটা সময় ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিলেও, সম্প্রতি তিনি ছোট পর্দায় ফের প্রত্যাবর্তন করেছিলেন। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়োচ্ছিল। পাশাপাশি তাঁর পডকাস্ট অনুষ্ঠান ‘সহজ কথা’ও জনপ্রিয় হয়ে উঠেছিল। তাঁর দীর্ঘ অভিনয় জীবনে নিজস্ব ছাপ রেখে গিয়েছেন।
তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমেও শোকবার্তার বন্যা বইছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। একজন প্রাণবন্ত অভিনেতার এই আকস্মিক মৃত্যু টলিপাড়ার জন্য এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।