শনিবার বিকেল থেকেই শুরু, ৫ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে বাংলা

ভোট গণনার দিন ঘনিয়ে আসতেই আবহাওয়াকে কেন্দ্র করে বাড়ছে চিন্তা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভোট গণনার দিনেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। এর জেরে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের বেলায় আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় রয়েছে। তবে সন্ধ্যার পর দমকা হাওয়ার সঙ্গে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ভোট গণনার দিনও ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে। ফলে প্রশাসনকেও অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।


আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে রয়েছে এক বিস্তৃত ঘূর্ণাবর্তের প্রভাব। উত্তর ভারতের দিক থেকে পূর্ব ভারতের ওপর দিয়ে এই ঘূর্ণাবর্তের অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যা বৃষ্টি ও বজ্রঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলেই জানানো হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই আবহাওয়া পরিস্থিতি একদিকে যেমন গরম থেকে কিছুটা স্বস্তি দেবে, অন্যদিকে ভোট গণনার দিনে কিছুটা বিঘ্নও ঘটাতে পারে।