ওবিসি তালিকায় ৬৬ শ্রেণিকে নিয়মিত স্বীকৃতি রাজ্য সরকারের

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির তালিকায় থাকা ৬৬টি সম্প্রদায়কে নিয়মিত স্বীকৃতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি রাজ্যের পুরনো অন্যান্য অনগ্রসর শ্রেণির তালিকা বাতিল করার পর এই নতুন সিদ্ধান্ত সামনে এল। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১০ সালের আগে যে ৬৬টি সম্প্রদায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল, তাদের স্বীকৃতি বহাল রাখা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ২০২৪ সালের ২২ মে-র নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। সেই নির্দেশ অনুসারেই অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

উল্লেখ্য, আদালত আগের ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় ওবিসি ‘এ’ শ্রেণির জন্য ১০ শতাংশ এবং ওবিসি ‘বি’ শ্রেণির জন্য ৭ শতাংশ সংরক্ষণ বাতিল করেছিল। পাশাপাশি রাজ্যে মোট ওবিসি সংরক্ষণের পরিমাণ কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে।


রাজ্যপালের জারি করা নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, এই ৬৬টি সম্প্রদায় এখন সরকারি চাকরি এবং বিভিন্ন পদে ৭ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবে। এই তালিকায় কপালি, কুর্মি, নাপিত, তাঁতি, ধানুক, কসাই, খণ্ডাইত, তুরহা, পাহাড়িয়া মুসলিম, দেবাঙ্গা এবং হাজ্জাম মুসলিম-সহ একাধিক ঐতিহ্যবাহী সামাজিক সম্প্রদায়ের নাম রয়েছে।

এছাড়াও তফসিলি জাতিভুক্ত হয়ে পরে খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন এমন ব্যক্তিদের এবং তাঁদের উত্তরসূরিদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সংরক্ষণ নীতিতে বড় পরিবর্তন এল। নতুন করে প্রতিযোগিতার পরিস্থিতিও তৈরি হতে পারে।

রাজ্য সরকারের দাবি, আদালতের নির্দেশ মেনে সামাজিক ন্যায়বিচার এবং স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে।