ঘটনার সূত্রপাত বর্ধমান জেলাশাসকের দফতর সংলগ্ন এলাকা থেকে। ওই রাস্তার ধারে বেশ কয়েকটি পথকুকুর থাকে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা নিয়মিত দিনে দু’বেলা তাদের খাবার দেন। পাশাপাশি কোনও কুকুর অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার ব্যবস্থা করেন। প্রয়োজনে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়মিত টিকাকরণ এবং কৃমির ওষুধ দেওয়ার ব্যবস্থাও করে ওই সংস্থা। কিন্তু বৃহস্পতিবার খাবার দিতে গিয়ে কুকুরগুলিকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সংস্থার সদস্যরা। খোঁজখবর করেও তাদের সন্ধান না মেলায় শেষ পর্যন্ত বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রিনা দাঁ জানান, জেলাশাসকের কার্যালয় এবং জেলা পরিবহণ দফতরের সামনে থেকে মোট ১২টি পথকুকুর নিখোঁজ হয়েছে। নিয়মিত যারা তাদের খাবার দিতে যান, তাঁরাই প্রথম বিষয়টি লক্ষ্য করেন। এরপরই থানার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু জেলাশাসকের দফতর সংলগ্ন এলাকাই নয়, বর্ধমানের শাঁখারীপুকুর এলাকা থেকেও একইভাবে পথকুকুর তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের দাবি, একটি গাড়িতে খাঁচা নিয়ে এসে পেশাদার কায়দায় কুকুরগুলিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ফলে ঘটনাটি নিছক পথকুকুর সরিয়ে দেওয়ার বিষয়, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সংস্থার সদস্যদের বক্তব্য, চিকিৎসা করানো কিংবা উন্নত পরিবেশে রাখার উদ্দেশ্যে যদি কুকুরগুলিকে নিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে তাতে আপত্তির কিছু নেই। কিন্তু কী কারণে, কারা এবং কোথায় তাদের নিয়ে গিয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য না থাকায় উদ্বেগ বাড়ছে। পথকুকুরগুলির নিরাপত্তা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি চারচাকা গাড়িকে চিহ্নিত করা হয়েছে। এখন ওই গাড়ির সূত্র ধরে অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ। কী উদ্দেশ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে পথকুকুরগুলিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই রহস্যের কিনারা করাই এখন তদন্তকারীদের কাছে প্রধান লক্ষ্য।