বারাসাত উড়ালপুল বন্ধ থাকবে ১৩ আগস্ট পর্যন্ত, কপালে ভাঁজ নিত্যযাত্রীদের

Barasat Flyover Photo-SNS

বারাসাত শহরের লাইফলাইন বারাসাত উড়ালপুল। এবার এই উড়ালপুল জরুরি মেরামত এবং কাঠামোগত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দিন থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরে সাধারণ মানুষ বেশ অসুবিধায় পড়েছে। আর এই উড়ালপুল আগামী ১৩ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তার জেরে এই উড়ালপুলে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সুতরাং আগামী কদিন বারাসাত শহর এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এই উড়ালপুল দিয়ে রোজ বিস্তর গাড়ি যাতায়াত করে। সেটা বন্ধ থাকায় উড়ালপুলের তলা দিয়ে যাতায়াত করতে হচ্ছে যানবাহনকে। তার জেরে যানজট তৈরি হচ্ছে। দ্রুত গাড়ি এগোতে পারছে না।

তার উপর এখন বর্ষাকাল। রোজই প্রায় ভারী বৃষ্টি হচ্ছে। সুতরাং তার জেরে গাড়ির গতি শ্লথ হয়ে পড়ছে। এই উড়ালপুল আবার জাতীয় সড়ক ১২-কে যশোর রোড এবং টাকি রোডের সঙ্গে যুক্ত করে। তাই এটি অত্যন্ত ব্যস্ত উড়ালপুল। কর্মব্যস্ত দিনে হাজার হাজার গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। সেই চাপ পড়েছে এখন সাধারণ রাস্তায়। প্রত্যেদিন হাজার হাজার যানবাহন এই সেতু ব্যবহার করত। যা এখন বন্ধ আছে। হঠাৎ করে এই উড়ালপুল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প রাস্তায় যানবাহনের চাপ অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে পূর্ত দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানান, উড়ালপুলের নিচের অংশে যে ফাটল ধরা পড়েছে সেটা মেরামত করা হবে। আর ক্ষতিগ্রস্ত ১৪টি বেয়ারিং বদলানো অথবা সংস্কার করা হবে। একই সঙ্গে ইঞ্জিনিয়াররা পুরো উড়ালপুলের কাঠামোগত স্থিতি খতিয়ে দেখবেন। যাতে ভবিষ্যতে কোনও নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকে।

পূর্ত দপ্তর সূত্রে খবর, বারাসাত মহকুমার ইঞ্জিনিয়ারদের সঙ্গে যৌথভাবে বিশেষজ্ঞ দল উড়ালপুলের একাধিক অংশ পরীক্ষা করবে। মেরামতির পাশাপাশি সেতুর দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর আগে গার্ডার এবং বেয়ারিংয়ের কিছু মেরামতির কাজ হলেও গত প্রায় সাত বছর ধরে উড়ালপুলের পূর্ণাঙ্গ স্ট্রাকচারাল হেলথ ইন্সপেকশন করা হয়নি। নিয়মিত পরিদর্শনের ক্ষেত্রেও গাফিলতির অভিযোগ রয়েছে। সময়মতো পরীক্ষা হলে এত বড় মেরামতির প্রয়োজন হয়তো পড়ত না। উল্লেখ্য, গত প্রায় দু’সপ্তাহ ধরে নিরাপত্তার স্বার্থে উড়ালপুলে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। এবার ছোট গাড়ি-সহ সব ধরনের যানবাহন বন্ধ করা হলো এই বারাসাত উড়ালপুলে।


তাছাড়া বারাসাত ট্রাফিক পুলিশ সূত্রে খবর, পূর্ণাঙ্গ কাঠামোগত পরীক্ষা এবং মেরামতির কাজ শুরু হওয়ায় ১৩ আগস্ট পর্যন্ত উড়ালপুলে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। তাই যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হবে এবং যান নিয়ন্ত্রণে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আর চালকদের বারাসাত উড়ালপুল সংলগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। বিশেষ করে অফিস টাইমে বিকল্প রাস্তায় যানজটের সম্ভাবনা থাকলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। উড়ালপুলের মেরামত এবং নিরাপত্তা পরীক্ষা শেষে চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে যান চলাচল আবার স্বাভাবিক করা হবে।