জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার মীরবাজার এলাকায় জঙ্গি হামলা হয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম হন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা সিআরপিএফ জওয়ান শান্তনু চন্দ্র। তাঁর গুলিবিদ্ধ হওয়ার দুঃসংবাদ এসে পৌঁছয় বিষ্ণুপুরের শাঁখারিবাজার এলাকায় জওয়ানের বাড়িতে। এই খবর পৌঁছতেই কার্যত চরম উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার প্রহর গুনছে গোটা পরিবার। কারণ তাঁর হাতে গুলি লেগেছে। এই খবর পৌঁছতেই বিষ্ণুপুরের বাড়িতে কান্নার রোল উঠেছে। তবে এই ঘটনার পরই স্ত্রীকে ফোন করেছিলেন শান্তনু। তাঁকে বলেছিলেন, চিন্তা না করার জন্য। কিন্তু তখন স্বামী যে গুলিবিদ্ধ সেটা জানতেন না বলেই জানান শান্তনুর স্ত্রী নন্দিনী।
পরিবার সূত্রে খবর, শান্তনু চন্দ্র ২০১১ সালে সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটালিয়নে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনের পর প্রায় সাড়ে ৩ বছর আগে তাঁকে পোস্টিং দিয়ে কাশ্মীরে পাঠানো হয়েছিল। দুর্গাপুজোর সময় লম্বা ছুটি কাটাতে বিষ্ণুপুরের বাড়িতে এসেছিলেন শান্তনু। ছুটি কাটিয়ে লক্ষ্মীপুজোর পরই আবার কাশ্মীরে নিজের কর্মক্ষেত্রে ফিরে যান শান্তনু। হামলার খবরে আতঙ্কিত হয়ে শান্তনুর স্ত্রী নন্দিনী চন্দ্র বলেন, ‘বুধবার সাড়ে ৪টের মধ্যে ও আমাকে ফোন করে জানিয়েছিল, আমাদের এখানে হামলা হয়েছে। আহত হয়েছি, হাসপাতালে যাচ্ছি। তুমি চিন্তা করো না। তখনও জানতাম না ওর গায়ে গুলি লেগেছে।’
শান্তনু নিজেই তাঁর স্ত্রী নন্দিনী চন্দ্রকে ফোন করে জানিয়েছিলেন, কাশ্মীরে তাঁদের টহলদারি দলের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় তাঁদের দলের হেড কনস্টেবল আহত হয়েছেন এবং তিনি তাঁকে নিয়েই চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন। কিন্তু তার ঠিক একঘণ্টা পরেই সিআরপিএফের পক্ষ থেকে পুনরায় শান্তনুর স্ত্রীকে ফোন করে জানানো হয়, শান্তনু চন্দ্রের হাতেও গুলি লেগেছে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তনুর স্ত্রীর বক্তব্য, ‘বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এক সিনিয়র অফিসার ফোন করে জানান, ওর হাতে গুলি লেগেছে। পরে জানতে পারি, হাতের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে গিয়েছে। খবরটা শোনার পর বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছিলাম। খুব আতঙ্কে আছি। কাশ্মীরে পোস্টিং হওয়ার পর থেকেই এই ভয়টা আমাদের তাড়া করে বেড়ায়।’
তাছাড়া সিআরপিএফের পক্ষ থেকে পরিবারকে আশ্বস্ত করে জানানো হয়, শান্তনুর আঘাত তেমন গুরুতর নয় এবং তিনি এখন চিকিৎসাধীন আছেন। তবুও ঘরের ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবরে আতঙ্ক কাটছে না পরিবারের সদস্যদের। জওয়ানের জন্য চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী নন্দিনী চন্দ্র, মা আরতি চন্দ্র এবং বাবা তারাপদ চন্দ্র। এই বিষয়ে শান্তনুর বাবা তারাপদ চন্দ্রের কথায়, ‘প্রথমে শুনেছিলাম জঙ্গিরা গুলি চালিয়েছে। কিন্তু ছেলের কী হয়েছে বুঝতে পারিনি। পরে অফিসারের ফোনে সব জানতে পারি। ছেলের সঙ্গে কথা হয়েছে। ও বলেছে, বাবা চিন্তা করো না, হাতে একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। কথা বলার পর মনটা কিছুটা শান্ত হয়েছে।’