শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের জন্য উঠল নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সরকার পতনের পরবর্তী সময়ে উত্তাল বাংলাদেশে ভারত বিরোধিতার জেরে বাংলাদেশি পর্যটকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল উত্তরবঙ্গ। আর্থিক ক্ষতিকে কোনও পরোয়া না করেই বাংলাদেশের নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ রেখেছিল শিলিগুড়ি। ১৩ মাস অর্থাৎ এক বছরের বেশি সময় পরে অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে দিল শিলিগুড়ির হোটেল মালিকদের সংগঠন। সোমবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। তারপেরই একথা জানানো হয়েছে।

এদিন সংগঠনের সদস্যরা জানান, সম্প্রতি বাংলাদেশে গণতান্ত্রিক সরকার তৈরি হওয়ার পরে পরিস্থিতি ক্রমশ উন্নত হচ্ছে। বাংলাদেশের তরফেও এদেশের প্রতি ইতিবাচক মনোভাব দেখানো হচ্ছে। সেকারণেই শিলিগুড়ির হোটেলে বাংলাদেশের নাগরিকদের স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোটেল মালিকদের সংগঠনের তরফে দার্জিলিংয়ের জেলাশাসকের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে৷ সেই চিঠিতে বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা তারা জানিয়েছে ৷ তবে সাংবাদিক বৈঠকে হোটেল মালিক সংগঠনদের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে ফের ভারত বিদ্বেষ বৃদ্ধি পেলে আবার নিষেধাজ্ঞার পথে হাঁটবে তারা।

বাংলাদেশে ভারত বিদ্বেষের জেরে ২০২৪ সালের ৯ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের জন্য সমস্ত হোটেলে রুম ও পরিষেবা বন্ধ করে দেয় হোটেল ব্যবসায়ীরা। তবে এর ১ মাস পরে মেডিক্যাল ভিসা ও স্টুডেন্ট ভিসায় আসা বাংলাদেশি পর্যটকদের জন্য এই নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেওয়া হয়। কিন্তু ২০২৫ সালে বাংলাদেশে আবার অশান্তির পরিবেশ তৈরি হলে হোটেল ব্যবসায়ীরা ফের সকল বাংলাদেশি নাগরিকদের জন্য সমস্ত পরিষেবা বন্ধ করে দেয়।


হোটেল মালিক সংগঠনের সম্পাদক সন্দীপকুমার দাঁ বলেন, ‘ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭৫ শতাংশ সদস্যরা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু আগামীতে আবার যদি ভারত বিদ্বেষ আমরা দেখতে পাই, তবে আবার সেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের এই কয়েকমাসে প্রায় দু’কোটির বেশি ক্ষতি হয়েছে। কিন্তু সবার আগে দেশ। সেকারণে আমরা এই ক্ষতি মানিয়ে নিচ্ছি।’