প্রথম দফার বিধানসভা ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই জঙ্গলমহলে প্রচারের ঝাঁজ আরও বেড়েছে। সোমবার পুরুলিয়ার বলরামপুরে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই বিজেপি প্রার্থীকে ঘিরে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।
অভিষেকের দাবি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে গাড়ি উপহার দিয়ে এখানকার প্রার্থী হয়েছেন জলধর মাহাতো। তাঁর অভিযোগ, ‘জ্যোতির্ময় সিং মাহাতোর ঘনিষ্ঠ জলধর মাহাতোকে এই এলাকায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ পাশাপাশি তিনি বলেন, ‘শান্তিরাম মাহাতো এখানকার ভূমিপুত্র, মানুষের পাশে থাকেন বলেই তাঁকে প্রার্থী করা হয়েছে।’
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে বলরামপুর কেন্দ্রে অল্প ব্যবধানে পরাজিত হতে হয়েছিল শান্তিরাম মাহাতোকে। প্রায় চারশো ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির বাণেশ্বর মাহাতো। এবার সেই ফল উল্টে দিতে মরিয়া তৃণমূল। তাই আবারও শান্তিরাম মাহাতোর উপর ভরসা রেখেছে শাসক দল।
সভা থেকে কেন্দ্রের শাসক দলকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, ‘গ্যারান্টির নামে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে কোনও নিশ্চয়তা নেই।’ সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা তুলে ধরে কেন্দ্রের নীতির সমালোচনাও করেন তিনি।
পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন তৃণমূল নেতা। তিনি দাবি করেন, আগামী দিনে বলরামপুরে আরও উন্নয়নমূলক কাজ করা হবে। গরিব মানুষের জন্য পাকা বাড়ি, মহিলাদের আর্থিক সহায়তা এবং নলবাহিত জলের ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ধর্মের ভিত্তিতে রাজনীতির বিরোধিতা করে তিনি বলেন, এলাকায় শান্তি ও উন্নয়ন বজায় রাখতে হলে সঠিক প্রার্থীকে বেছে নিতে হবে। ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সব প্রতিকূলতা সত্ত্বেও ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। ভোটের আগে এই সভাকে কেন্দ্র করে বলরামপুরে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। এখন নজর ভোটের ফলাফলের দিকে।