২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। সেই উপলক্ষে শনিবার রাজ্যে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিনই রাজ্যের কাছে এল খুশির খবর। এবার বহরমপুর কোর্ট থেকে আজিমগঞ্জ লোকাল ট্রেনে করে যাত্রীরা যেতে পারবেন। শিয়ালদহ ডিভিশন তিনটি মেমুর পরিষেবার সম্প্রসারণ করল। রেল সংযোগের পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবার সম্প্রসারণ করা হয়েছে।
শনিবার বহরমপুর কোর্ট স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অস্থায়ী মঞ্চ তৈরি করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পরিষেবার সূচনা করা হয়। এদিন সেই অনুষ্ঠানে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা ও বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র উপস্থিত ছিলেন। এতদিন পর্যন্ত এই ট্রেনটি আজিমগঞ্জ থেকে কাশিমবাজার স্টেশন পর্যন্ত চলাচল করত। এবার সেই পরিষেবার সম্প্রসারণ করা হল।
কোন তিনটি মেমু চলবে সেই বিষয়েও জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে, ৬৩০৪২ আজিমগঞ্জ-বহরমপুর কোর্ট মেমু। এই মেমু আগে কাশিমবাজার পর্যন্ত চলাচল করত। বর্তমান সময়সূচী অনুযায়ী, আজিমগঞ্জ থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে এই ট্রেন ছাড়বে। তা বহরমপুর কোর্ট পৌঁছবে সকাল ৭টা ২০ মিনিটে। অন্যদিকে, ৬৩০৪১ বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ মেমু সকাল ৭টা ৩৫ মিনিটে বহরমপুর কোর্ট থেকে ছাড়বে। সেটা আজিমগঞ্জ পৌঁছবে সকাল ৮টা ২ মিনিটে।
আবার ৬৩০৪৬ আজিমগঞ্জ-বহরমপুর কোর্ট মেমু আজিমগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ছাড়বে। সেটা রাত ৮টা ১৫ মিনিটে বহরমপুর কোর্টে পৌঁছবে। অন্যদিকে, ৬৩০৪৫ বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ মেমু বহরমপুর কোর্ট থেকে রাত ৮টা ৫৩ মিনিটে ছাড়বে। আর সেঠা রাত ৯টা ২০ মিনিটে আজিমগঞ্জে পৌঁছবে। এই মেমু ট্রেনটাও আগে কাশিমবাজার পর্যন্ত চলত।
৬৩০৫৮ আজিমগঞ্জ-বহরমপুর কোর্ট মেমু আজিমগঞ্জ থেকে রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে। এরপর সেটা বহরমপুর কোর্ট পৌঁছবে রাত ৯টা ৫৭ মিনিটে। অন্যদিকে, ৬৩০৫৭ বহরমপুর কোর্ট-আজিমগঞ্জ মেমু রাত ১০টা ১২ মিনিটে বহরমপুর কোর্ট থেকে ছাড়বে। আর সেটা আজিমঞ্জে পৌঁছবে রাত ১০টা ৩৯ মিনিটে।
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর উপরে নশিপুর রেল ব্রিজ তৈরি হতেই আজিমগঞ্জ থেকে বহরমপুর কোর্ট স্টেশন রেলপথে জুড়ল। এদিন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র জানান, বহরমপুর থেকে আজিমগঞ্জ পর্যন্ত লোকাল ট্রেন শুরু করার দাবি দীর্ঘদিন ধরে মানুষ জানিয়ে আসছিল। অবশেষে বহরমপুর থেকে আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ থেকে বহরমপুরে লোকাল ট্রেনের সূচনা হল। এর ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে পড়ুয়া সকলেরই যে সুবিধা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।