পূর্ব বর্ধমানে বিজেপির এক বুথ সভাপতির উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুজন মহিলাকে গ্রেপ্তার করেছে। গুরুতর জখম হয়েছেন বিজেপি নেতা গৌতম মণ্ডল এবং তাঁর বন্ধু বাপ্পা বারুই। দু’জনকেই কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ধৃত দুই মহিলা হলেন মণি মণ্ডল ও মিতা মণ্ডল। দুজনেরই বাড়ি কালনার কৃষ্ণদেবপুর পঞ্চায়েত এলাকার রায়পাড়ায়। অভিযোগ, শনিবার বিকেলে রাস্তার ধারে গৌতম মণ্ডল বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় অভিযুক্ত দুই মহিলা টোটো থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপরে চড়াও হন। হামলায় গৌতমের কাঁধে গুরুতর আঘাত লাগে। তাঁকে বাঁচাতে গেলে বাপ্পাও আহত হন।
গৌতমের দাবি, অভিযুক্তদের বাবা বিকাশ মণ্ডল তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ভোটের আগে টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁর উপর হামলা হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে গৌতম মণ্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। এরপরে পুলিশ দুজন মহিলাকে গ্রেপ্তার করে। মহিলাদের জেরা করে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।