পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে আটকে থাকা গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। আগামী ৬ জুন কলকাতায় আসছেন কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রশাসনিক সূত্রের মতে, এই বৈঠকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অগ্রগতি এবং দীর্ঘদিনের জটিলতা দূর করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
গত এক দশকেরও বেশি সময় ধরে জমি অধিগ্রহণ, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়ের অভাবে একাধিক প্রকল্পের কাজ ধীরগতিতে চলেছে। এবার সেই সমস্যাগুলির সমাধান করে দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে রূপরেখা তৈরি হতে পারে। আলোচনার কেন্দ্রে থাকতে পারে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্প, যেখানে মোমিনপুর ও এসপ্ল্যানেড অংশের জমি ও মাঝেরহাট সংলগ্ন প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় কাজ বাধাগ্রস্ত হয়েছিল। একইভাবে নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পেও দীর্ঘদিন ধরে জমি ও জবরদখল সমস্যা বড় বাধা হয়ে রয়েছে।
নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ অংশেও জমি সংক্রান্ত সমস্যার কারণে কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এছাড়া পূর্ব-পশ্চিম মেট্রোর বাকি অংশ, বিশেষ করে বউবাজার এলাকায় সুড়ঙ্গ নির্মাণ ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে।
এর পাশাপাশি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন নতুন রেললাইন, ডবলিং প্রকল্প এবং সম্প্রসারণের কাজও বৈঠকে গুরুত্ব পাবে। জয়নগর-রাইদিঘি, ক্যানিং-ভাঙনখালি-সহ একাধিক প্রকল্প জমি সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।
প্রশাসনিক মহলের মতে, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগে এবার বহুদিনের অচলাবস্থা কাটতে পারে। ফলে কয়েক হাজার কোটি টাকার রেল ও পরিকাঠামো প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগোবে বলেই আশা করা হচ্ছে। এই বৈঠককে তাই রাজ্যের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।