অ্যাকভানের প্রভাব কাটতেই বৃষ্টি কমছে, দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি নামতে পারে পারদ!

Image: IANS

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরেই বৃষ্টির দাপট চলছে দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাবে ওড়িশার গোপালপুর উপকূলের কাছে দুর্যোগ দেখা দেয়। তার প্রভাব পড়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। টানা বৃষ্টির পর রবিবার সকালে অবশেষে মেঘ সরিয়ে দেখা মিলেছে রোদের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অ্যাকভানের অবশিষ্টাংশ এখন সম্পূর্ণ নিষ্ক্রিয়। রাজ্যে আর প্রভাব পড়বে না। তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামবে বলে খবর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় অ্যাকভানের দুর্বল হয়ে পড়া অংশ শনিবারই সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছিল। উত্তর ছত্তীসগড় এবং সংলগ্ন এলাকায় তার অবস্থান ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রয়া ৪.৫ কিলোমিটার উচ্চতায় ছিল ঘূর্ণাবর্ত। বর্তমানে সেই নিম্নচাপের অবশিষ্টাংশও নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। যদিও তার জেরে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা বেশি। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা নেই।

আরও পড়ুন: ওড়িশায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’! দক্ষিণের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায়ও দিনভর দুর্যোগ


অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। নতুন করে কোনও আবহাওয়া সতর্কতাও জারি করা হয়নি। তবে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এরপর রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই অংশেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়ে হাওয়া অফিস।

আগামী দু’দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে তার পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় উত্তুরে হাওয়া ঢুকবে। ফলে বাতাসে শীতের আমেজ বাড়তে পারে। যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রায় এখনই বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৪.৮ ডিগ্রি কম।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=CpdesyXk8ANMaTAz” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>