মুখ্যমন্ত্রী সরব হতেই বালি পাচার রুখতে তৎপর প্রশাসন, তল্লাশি

ফাইল ছবি

দুর্গাপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বালি পাচার সংক্রান্ত অভিযোগের পর সক্রিয় হল প্রশাসন। পশ্চিম বর্ধমানে অবৈধ বালির কারবার বন্ধ করতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর অভিযান শুরু করেছে। শুক্রবার কাঁকসার বিভিন্ন বালিঘাটে প্রশাসন ও পুলিশের যৌথ তল্লাশি চালানো হয়।

কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক মঞ্জু কাঞ্জিলালের নেতৃত্বে দপ্তরের কর্মী ও মলনদিঘী ফাঁড়ির পুলিশ এই অভিযান পরিচালনা করে। সকাল থেকেই অজয় নদ সংলগ্ন নয়া কাঞ্চনপুর, শ্রীরামপুর, দুবরাজপুর কলোনি-সহ একাধিক এলাকায় তল্লাশি শুরু হয়।

অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে অজয় নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের চক্র গড়ে উঠেছিল। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি বোঝাই ট্রাক, ডাম্পার এবং ট্রাক্টারের মাধ্যমে নিয়মিত পাচার চলত বলেও অভিযোগ উঠেছে।


সম্প্রতি দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বালি ও পাথর পাচার নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, বালিঘাট বন্ধের সুযোগ নিয়ে ৮ হাজার টাকার বালি ১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং এর ফলে সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে সরকারকে বদনাম করার চেষ্টা চলছে। প্রয়োজনে বালির নির্দিষ্ট মূল্য নির্ধারণের কথাও তিনি উল্লেখ করেন। এরপরই বালি পাচার বন্ধে প্রশাসন ও পুলিশের তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।