‘বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই’, সন্দীপন -ঋতব্রতকে আক্রমণ প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়ালের

‘বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।’ এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার সম্ভাব্য রাজনৈতিক অবস্থান বদল ঘিরে তৈরি জল্পনায় কার্যত এই কড়া বার্তাই দিলেন বিজেপি নেত্রী ও আইনজীবী  প্রিয়াঙ্কার টিব্রেওয়াল । তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল স্পষ্ট ভাষায় জানান, বিজেপি কোনওভাবেই রাজনৈতিক সুবিধাবাদ বা দলবদলের ‘সেফ ল্যান্ডিং’ হয়ে উঠতে পারে না। তাঁর কথায়, দল একটি আদর্শ ও সংগঠনের উপর দাঁড়িয়ে থাকে, সেখানে হঠাৎ করে কেউ এসে প্রবেশ করতে চাইলে তা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, ‘যারা রাজনৈতিকভাবে দোদুল্যমান অবস্থান নিয়ে বারবার দল পরিবর্তনের ভাবনা রাখছে, তাদের জন্য বিজেপির দরজা খোলা নয়।’
তাঁর বক্তব্যে উঠে আসে সন্দীপন সাহা ও বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলা সাম্প্রতিক রাজনৈতিক জল্পনাও। বিধানসভায় স্পিকারের ঘরের সামনে তাঁদের উপস্থিতি এবং পরবর্তীতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই দলবদলের আলোচনা তীব্র হয়েছে। সেই প্রেক্ষিতেই প্রিয়াঙ্কার এই কড়া প্রতিক্রিয়া।
তিনি আরও দাবি করেন, বিজেপি এমন কোনও প্ল্যাটফর্ম নয় যেখানে ক্ষমতার পরিবর্তন বা রাজনৈতিক সুবিধা দেখে মানুষ প্রবেশ করবে বা বেরোবে। তাঁর মতে, ‘বিজেপি একটি আদর্শভিত্তিক দল। এখানে যারা সত্যিকারের বিশ্বাস নিয়ে কাজ করতে চান, তাদের জন্যই জায়গা আছে। অন্যরা যদি ভাবে পরিস্থিতি দেখে এখানে চলে আসবে, তা সম্ভব নয়।’
প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আরও বলেন, সাধারণ মানুষ পরিবর্তন চায়, কিন্তু তার মানে এই নয় যে যেকোনও রাজনৈতিক ব্যক্তি নিজের সুবিধা অনুযায়ী অবস্থান বদলে ফেলবেন। তিনি ইঙ্গিত দেন যে, জনগণের আস্থা অর্জন করাই রাজনৈতিক নেতৃত্বের আসল কাজ, দলবদল করে সেই আস্থা পাওয়া যায় না।
এন্টালি কেন্দ্রের সাম্প্রতিক নির্বাচনী প্রেক্ষাপটও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, গণতান্ত্রিক রায়কে সম্মান জানিয়ে রাজনীতিতে থাকা উচিত, কিন্তু সেই রায়কে ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় সুবিধা নেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়।