গ্রেপ্তার হলেন স্বরূপ বিশ্বাস। টলিউডের ফেডারেশনের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে তোলাবাজি এবং যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, টালিগঞ্জের মেক আপ আর্টিস্ট সংগঠনের এক মহিলা সদস্যের অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। অভিযোগকারিণীর দাবি, প্রায় দুই বছর ধরে তাঁকে কাজ থেকে বঞ্চিত করা হয়েছিল। কাজের সুযোগের জন্য স্বরূপ বিশ্বাসের কাছে গেলে তাঁর কাছে টাকা দাবি করা হয় এবং তাঁকে হুমকিও দেওয়া হয়।
তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। অভিযোগ পেয়ে পুলিশ স্বরূপ বিশ্বাসকে হেফাজতে নেয়। তিনি শিল্পক্ষেত্রে নিজের প্রভাব খাটিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে হুমকি দিয়ে কয়েক লক্ষ টাকা আদায় করেছিলেন কি না তা খতিয়ে দেখছেন তদন্ত কারীরা। দীর্ঘদিন ধরেই টলিউডের কলাকুশলীরা অভিযোগ জানাচ্ছিলেন, স্বরূপ বিশ্বাস তাঁদের কর্মসংস্থান নিয়ন্ত্রণ করেন। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারে কলাকুশলীদের একাংশ স্বস্তি বোধ করছেন বলে খবর।